শীতলক্ষ্যা সেতু নির্মাণে সহায়তা কামনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বাংলাদেশের আবাসিক প্রতিনিধি এম তেরেসা খো গতকাল রোববার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কার্যক্রম পরিদর্শন করেছেন। এ সময় সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী শীতলক্ষ্যা সেতু নির্মাণের জন্য এডিবির সহায়তা চান। এম তেরেসা নারায়ণগঞ্জে তাঁদের বিভিন্ন প্রকল্পে সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন। গতকাল বেলা ১১টার দিকে নগর ভবনে আসেন এম তেরেসা। সঙ্গে ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ওয়াহিদুর রহমান, এডিবির প্রকল্প পরিচালক আহসান হাবিব প্রমুখ। পরে নগর ভবনে মেয়র আইভীসহ করপোরেশনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও কাউন্সিলর এবং নগর সমন্বয় কমিটির (টিএলসিসি) সদস্যদের সঙ্গে বৈঠক করেন তেরেসা খো। এ সময় উপস্থিত ছিলেন কমিটির সদস্য বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থার সহসভাপতি বদিউজ্জামান, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, জেলা মহিলা পরিষদের সভানেত্রী আঞ্জুমানারা আকসীর প্রমুখ। বৈঠকে মেয়র আইভী বলেন, ‘নবগঠিত এ সিটি করপোরেশনের সঙ্গে দুটি অনুন্নত পৌরসভা যুক্ত হয়েছে। সিদ্ধিরগঞ্জে রাস্তাঘাটের বেহাল অবস্থা। শীতলক্ষ্যা সেতু না থাকায় প্রতিদিন লাখ লাখ লোক ঝুঁকি নিয়ে শীতলক্ষ্যা নদী পার হতে বাধ্য হচ্ছে। তাই নারায়ণগঞ্জবাসীকে রক্ষা করতে শীতলক্ষ্যা নদীর ওপর একটি সেতু নির্মাণ করা খুব জরুরি।’এম তেরেসা খো বলেন, ‘আগে নারায়ণগঞ্জ পৌরসভার নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্পে (ইউজিআইআইপি) গতি ছিল। তাদের অর্জনে আমি আশান্বিত। ভবিষ্যতেও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে এডিবির এ ধরনের প্রকল্পে বরাদ্দ দেওয়া হবে।’