শীতলক্ষ্যায় নৌকাবাইচ, মুখরিত দুপাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীতলক্ষ্যা নদীতে গতকাল শনিবার অনুষ্ঠিত হয় নৌকাবাইচ। এ সময় দুই পাড়ে মানুষের ঢল নামে। মুখরিত হয়ে ওঠে পরিবেশ। বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসন নৌকাবাইচের আয়োজন করে।
বন্দর উপজেলার মদনগঞ্জ সামিট গ্রুপের ঘাট থেকে শহরের ৫ নম্বর ঘাট পর্যন্ত চার কিলোমিটার নৌপথে আয়োজন করা হয় এ নৌকাবাইচ। মদনগঞ্জ প্রান্তে এ নৌকাবাইচের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আনিছুর রহমান মিঞা। এ সময় স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নৌকাবাইচে ছয়টি দল অংশ নেয়। এগুলো হচ্ছে: নারায়ণগঞ্জ ক্লাব, বিকেএমইএ, রাইফেল ক্লাব, নিট কর্নসার্ন, ফকির গ্রুপ ও বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস অ্যাসোসিয়েশন। প্রতিটি নৌকায় মাঝিমাল্লা ছিলেন ৬০ জন। প্রতিযোগিতায় নিট কর্নসার্ন প্রথম, রাইফেল ক্লাব দ্বিতীয় ও ফকির গ্রুপ তৃতীয় হয়। শহরের ৫ নম্বর ঘাটে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ সেলিম ওসমান।
নৌকাবাইচ উপলক্ষে সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত শীতলক্ষ্যা নদীতে নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ সময় চারটি ঘাটে খেয়া পারাপার বন্ধ থাকায় জনদুর্ভোগ চরমে পৌঁছায়। তবে বাইচ দেখার জন্য নদীর দুপাড়ে উৎসুক জনতার ঢল নামে।