নরসিংদীর পলাশ উপজেলায় শীতলক্ষ্যা নদী থেকে বালু তোলা চলছেই। নদীর পাড় দখল করে বালুমহাল ও নিজেদের নামে নদীর ঘাটলারও নামকরণ করা হয়েছে। বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে মামলা হলেও কার্যত কোনো কাজ হচ্ছে না। এ কারণে বালু তোলাও বন্ধ হচ্ছে না।
প্রথম আলোর বিশাল বাংলায় গত ১০ নভেম্বর ‘পলাশে শীতলক্ষ্যার বুকে ক্ষমতাসীনদের বালুমহাল’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এটি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) আওতাধীন নারায়ণগঞ্জ নৌবন্দর কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়। পরে ওই কর্তৃপক্ষ (নৌবন্দর-নারায়ণগঞ্জ) ‘শীতলক্ষ্যা বালুমহাল’ নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নৌপথ সংরক্ষণ আইনে মেরিন আদালতে একটি মামলা করে; যা একটি তদন্ত কমিটি ও তিনটি লিখিত নোটিশ পাঠানোর মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী জানান, এই সরকার ক্ষমতায় আসার পর ঘোড়াশাল রেলসেতুসংলগ্ন শীতলক্ষ্যা নদীর পাড় রক্ষাকারী দেয়ালের পাশে গড়ে ওঠে বালু সরবরাহকারী প্রতিষ্ঠান ‘শীতলক্ষ্যা বালুমহাল’। এর মালিক হলেন পৌর যুবলীগের সহসভাপতি আবদুল্লাহ আল মামুন এবং আলতাব হোসেন ও ফয়সাল আহমেদ।
আবদুল্লাহ আল মামুন বলেন, ‘এসব জমি আমাদের বাপ-দাদার সম্পত্তি ছিল। পরে সরকার রেলের জমি হিসেবে অধিগ্রহণ করে। পরে আমরা রেলের কাছ থেকে ইজারা নিয়ে ব্যবসা করছি।’
৫০০ গজ দূরেই ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক তানজিরুল হকের মালিকানাধীন ‘মেসার্স হক ট্রেডার্স’। তিনি শীতলক্ষ্যা নদী থেকে অবৈধভাবে খননযন্ত্র দিয়ে বালু তুলছেন। এর আগে তিনি ঘোড়াশাল ফৌজিপাট কারখানা এলাকায় বালু তোলায় কারখানার প্রায় এক একর জমি নদীতে বিলীন হয়ে যায়।
পরে কারখানা কর্তৃপক্ষ জেলা প্রশাসকের কার্যালয়ে লিখিত অভিযোগ দিলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঊর্মি বড়ুয়াকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠিত হয়। তদন্ত কমিটি কারখানা এলাকা থেকে চার লাখ ২০ হাজার ঘনফুট বালু তোলার প্রমাণ পায়। পরে কারখানা কর্তৃপক্ষ তানজিরুলের বিরুদ্ধে পাঁচ কোটি টাকার ক্ষতিপূরণের মামলা করে। এরপর সেখান থেকে সরে তিনি ঘোড়াশাল মধুরঘাট ও রনিরঘাট এলাকায় খননযন্ত্র দিয়ে বালু তুলছেন।
এ ব্যাপারে কথা বলতে মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলে তানজিরুল হকের ফোন বন্ধ পাওয়া যায়।
এদিকে তিন মাস ধরে ঘোড়াশাল পাইলট উচ্চবিদ্যালয়ের পাশ থেকে অবৈধভাবে বালু তুলছেন গাজীপুরের কালীগঞ্জের বালিগাঁও এলাকার কনক মিয়া নামের এক প্রভাবশালী। বালু তোলার কারণে ওই বিদ্যালয় ভবন ধসে পড়ার আশঙ্কা রয়েছে। গত বুধবার বিদ্যালয় ছুটির পর নবম ও দশম শ্রেণীর ২৫-৩০ জন শিক্ষার্থী কনকের লোকজনকে বালু তুলতে বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের ওপর হামলা চালায় কনকের সন্ত্রাসী বাহিনী। এতে কমপক্ষে ২০ জন শিক্ষার্থী আহত হয়।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন বলেন, ‘তানজিরুলের বিরুদ্ধে যে মামলাটি হয়েছে, তা তদন্তাধীন। এ ছাড়া অন্য যারা বালু তুলছে, তাদের বালু তোলা বন্ধ করতে আমরা বেশ কয়েকবার অভিযান চালিয়েছি। কিন্তু সীমানা-জটিলতার মতো কিছু বিষয় থাকায় কোনো কাজ হচ্ছে না।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসিমা খানম বলেন, ‘আমরা বেশ কয়েকবার অভিযান চালিয়ে যন্ত্রপাতি জব্দ করেছি। কিন্তু সীমানা-জটিলতার জন্য বালু তোলা বন্ধ করা যাচ্ছে না।’