শীতলক্ষ্যার অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা (কাঁচপুর) সেতুর নিচে নদী ভরাট করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার উচ্ছেদ অভিযান শুরু করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।প্রত্যক্ষদর্শী ও প্রশাসন সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ শীতলক্ষ্যা নদীতে কাঁচপুর ব্রিজের নিচে পশ্চিম অংশে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করে। বিআইডব্লিউটিএর উচ্ছেদকারী দল নদী দখলে ব্যবহূত বালু ও মাটি ভেকু (মাটি কাটার যন্ত্র) দিয়ে অপসারণ করছে। এ সময় নদী দখল করে গড়ে তোলা ১৫-২০টি টংদোকানও উচ্ছেদ করা হয়।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের নারায়ণগঞ্জ নদীবন্দর উপপরিচালক আলমগীর কবির বলেন, নদী দখলের জন্য মাটি সরিয়ে নিতে জেএস এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়েছে। একটি এক্সকেভেটর (ভেকু), পাঁচটি ট্রাক, দুটি ওয়ার্ক বোট নিয়ে শতাধিক শ্রমিক উচ্ছেদ অভিযানে অংশ নিয়েছেন। নদী ভরাটের বালু ও মাটি ভেকুর সাহায্যে কেটে ট্রলারে করে অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে।বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নদীবন্দর উপপরিচালক সাইফুল ইসলাম বলেন, এ উচ্ছেদ কার্যক্রম তিন দিন চলবে। প্রয়োজনে সময় আরও বাড়ানো হবে। ড্রেজার দিয়ে নদী খনন করার পরিকল্পনাও আছে। তিনি বলেন, নদী দখলদার হিসেবে ২৭ জনকে চিহ্নিত করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিআইডব্লিউটিএ সূত্র বলেছে, অবৈধ দখলদারদের বারবার নোটিশ দেওয়া সত্ত্বেও তাঁরা অবৈধ স্থাপনাসহ বালু ও পাথরের ব্যবসা করে আসছিলেন। এসব দখলদারের সঙ্গে প্রভাবশালী একটি মহল জড়িত। তাঁরা সেতুর নিচের অংশ বালু দিয়ে ভরাট করে সেখানে অবৈধভাবে বালু ও পাথরের ব্যবসাসহ দোকানপাট গড়ে তুলেছেন।গতকাল উচ্ছেদ অভিযানকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল ইসলামসহ বিআইডব্লিউটিএর কর্মকর্তা, আর্মড পুলিশ ও র্যাবের সদস্যরা উপস্থিত ছিলেন।কাঁচপুরে শীতলক্ষ্যা নদী দখল করে গড়ে তোলা অবৈধ বালু ও পাথর ব্যবসা নিয়ে গত মাসে প্রথম আলোয় সচিত্র প্রতিবেদন ছাপা হয়।