শীতলক্ষ্যার অর্ধেক জুড়ে নৌযান নোঙর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে নোঙর করে রাখা হয়েছে বিভিন্ন নৌযান। বছরের পর বছর নৌযানগুলো নোঙর করে রাখায় অর্ধেকের বেশি নৌপথ দখল হয়ে পড়েছে। সরু হয়ে পড়েছে নৌপথ। 

নারায়ণগঞ্জ নগরের হাজীগঞ্জ বাংলাঘাট থেকে বন্দর উপজেলার লক্ষ্মণখোলা পর্যন্ত বিআইডব্লিউটিসি ও ড্রেজার পরিদপ্তরের অর্ধশতাধিক নৌযান (কার্গো জাহাজ, ফেরি, পন্টুনসহ) নোঙর করে রাখায় নৌপথ সংকুচিত হয়ে পড়েছে। নদীর তলদেশে পলি জমে নাব্যতা কমে যাওয়ার আশঙ্কা করছেন পরিবেশবাদীরা। সেখান থেকে নৌযানগুলো দ্রুত অপসারণের দাবি জানিয়েছেন তাঁরা।

১০ জানুয়ারি সরেজমিনে দেখা গেছে, নগরের হাজীগঞ্জ এম সার্কাস এলাকায় বাংলাঘাট, সিদ্ধিরগঞ্জের গোদনাইল এবং বন্দর উপজেলার নবীগঞ্জ ঘাটসহ বেশ কয়েকটি স্থানে শীতলক্ষ্যা নদীর তীরে সারবদ্ধভাবে নোঙর করে রাখা হয়েছে লাইটার কার্গো জাহাজ, ড্রেজার পরিদপ্তরের পন্টুন, ফেরিসহ বিভিন্ন নৌযান। মাঝনদী পর্যন্ত বছরের পর বছর শতাধিক নৌযান নোঙর করে রাখা। এ ছাড়া নদীর তীরে অবস্থিত সিমেন্ট কারখানাগুলোর সামনে বিভিন্ন স্থানে নোঙর করে রাখা হয়েছে নৌযান। এই নৌপথ দিয়ে প্রতিদিন অসংখ্য কার্গো ও জ্বালানি তেলের ট্যাংকার চলাচল করে। কিন্তু নদীপথ সরু হয়ে পড়ায় দুটি বড় নৌযান পাশাপাশি চলাচলে সমস্যা হচ্ছে। একইভাবে এই নৌপথে নৌযান চলাচল করতে গিয়ে দুর্ঘটনারও আশঙ্কা আছে। এসব নৌযানের মধ্যে অনেকগুলো মরচে ধরে নদীতেই নষ্ট হয়ে যাচ্ছে।

নৌযানের চালকেরা জানিয়েছেন, শীতলক্ষ্যার মাঝনদী পর্যন্ত এলোমেলোভাবে নৌযান বছরের পর বছর ফেলে রাখা হয়েছে। নৌযান চলাচলে ব্যাঘাত হচ্ছে। দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

হাজীগঞ্জ এলাকার বাসিন্দা সোহেল হোসেন জানান, বহু বছর ধরে নদীর বিভিন্ন স্থানে নষ্ট জাহাজগুলো ফেলে রাখা হয়েছে। বড় বড় নৌযান মাঝনদীতে জায়গা দখল করে রয়েছে। এ ছাড়া অনেক জাহাজ ডুবে থাকায় চলাচলের সময় যাত্রীবাহী নৌকা দুর্ঘটনার শিকার হচ্ছে।

খানপুর এলাকার বাসিন্দা আল মাহমুদ বলেন, এভাবে নদীর বিস্তীর্ণ জায়গাজুড়ে নৌযান ফেলে রাখার যৌক্তিকতা নেই। শিল্প ও বাণিজ্য নগরের গুরুত্বপূর্ণ নদী শীতলক্ষ্যা। অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতায় গুরুত্ব হারাচ্ছে এই নদী।

পরিবেশবাদী সংগঠন নির্ভীকের প্রধান সমন্বয়ক এ টি এম কামাল বলেন, ‘নৌযান নোঙর করে রাখায় নদীপথ সংকুচিত হওয়ার পাশাপাশি নদী নাব্যতা হারাচ্ছে। এই অবস্থা কারও জন্য উপকারী নয়। আমরা চাই, নদী থেকে নৌযানগুলো দ্রুত অপসারণে কর্তৃপক্ষ যথাযথ উদ্যোগ নেবে।’

বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দরের ভারপ্রাপ্ত উপপরিচালক (নৌ-নিরাপত্তা) বাবু লাল বৈদ্য বলেন, ‘নৌ চলাচলে যাতে বাধার সৃষ্টি না হয়, সে জন্য আমরা চ্যানেল পরিষ্কার রাখার চেষ্টা করি। যেসব নৌযান এলোমেলোভাবে নদীতে নোঙর করে রাখা হয়, সেগুলোর বিরুদ্ধে ৫৭-এর ক ধারায় মেরিন কোর্টে মামলা দায়ের করা হয়।’ তিনি বলেন, ‘কোনোভাবে নদীর চ্যানেল দখল করে নৌযান রাখতে দেওয়া হবে না। বিষয়টি আমরা নিয়মিত নজরদারি করি। এ ছাড়া অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নিই।’