শীতলক্ষ্যার তীরের মাটি কাটা ও বিক্রি বন্ধ হয়নি
নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে সঞ্চারকলিপি দেওয়ার পরও বন্দর উপজেলার মদনগঞ্জে শীতলক্ষ্যার নদীর তীর থেকে অবৈধভাবে মাটি কাটা বন্ধ হয়নি। এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় এক ওয়ার্ড কাউন্সিলর মাটি কেটে ইটভাটায় বিক্রি করছেন।জানা গেছে, মদনগঞ্জে শীতলক্ষ্যা নদীর চার একর তীরভূমি থেকে ১ মার্চ রাতে মাটি কাটা শুরু করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফয়সাল মোহামঞ্চদ। গত সোমবারও শতাধিক শ্রমিককে কোদাল দিয়ে মাটি কেটে ট্রলারে ওঠাতে দেখা গেছে। ওই মাটি ট্রলারে করে ফতুল্লার বক্তাবলী, ঢাকার কেরানীগঞ্জের বিভিন্ন ইটভাটায় বিক্রি করা হচ্ছে। প্রতিটি ট্রলারের মাটি গড়ে ২০ হাজার টাকায় বিক্রি করা হচ্ছে।নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, রাত ১১টা থেকে মাটি কাটা শুরু হয়ে পরদিন বেলা ১১টা পর্যন্ত চলে। দিনে ৩০ থেকে ৪০টি ট্রলারে করে ওই মাটি পরিবহন করা হচ্ছে।মদনগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মাসুদুর রহমান বলেন, সম্পূর্ণ অবৈধভাবে নদীর তীরভূমির মাটি কেটে অন্যত্র বিক্রি করা হচ্ছে। কাউন্সিলরের প্রভাবের কারণে স্থানীয় প্রশাসনও সরকারি জমির মাটি কাটা বন্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না।ওই মাটি কাটা নিয়ে ৫ মার্চ প্রথম আলোতে ‘শীতলক্ষ্যা তীরের মাটি কেটে ইটভাটায় বিক্রি’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। মাটি কাটা বন্ধের দাবি জানিয়ে পরদিন এলাকাবাসী জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে একটি সঞ্চারকলিপি পেশ করেন। এ ব্যাপারে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নারায়ণগঞ্জ নদী বন্দরের ভারপ্রাপ্ত যুগ্ম পরিচালক আলমগীর কবীর প্রথম আলোকে বলেন, ‘মদনগঞ্জে শীতলক্ষ্যা-তীরবর্তী একটি শিল্পকারখানাকে পণ্য ওঠানো-নামানোর কাজে জেটি বানানোর লাইসেন্স দেওয়া হয়েছে। লাইসেন্সের শর্তে উল্লেখ আছে, শীতলক্ষ্যা নদীর সীমানা খুঁটি পর্যন্ত খালের মতো (বেসিন) কেটে ওই শিল্পপ্রতিষ্ঠান নিজস্ব জায়গায় জেটি নির্মাণ করবে। ইতিমধ্যে জেটি নির্মাণের জন্য সীমানা চিহ্নিত করে দেওয়া হয়েছে। কিন্তু উত্তোলিত মাটি অন্যত্র নেওয়া যাবে না।’এ ব্যাপারে কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ বলেন, ‘মদনগঞ্জের একটি শিল্পপ্রতিষ্ঠানের পক্ষে জেটির মাটি কাটার ইজারা নিয়েছি। মাটি স্তূপ করে রাখার জায়গা নেই। তাই অন্যত্র পাঠানো হচ্ছে।’জেলা প্রশাসক মনোজ কান্তি বড়াল জানান, নদীতীরের মাটি অবৈধভাবে কাটার অভিযোগ পাওয়ার পর তা বন্ধে উপজেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।