শীতলক্ষ্যার দুই হাজার সীমানা পিলার যথাস্থানে বসানো হয়নি

শীতলক্ষ্যা নদীর দুই পাড়ে যেসব সীমানা পিলার স্থাপন করা হয়েছে, সেগুলোর দুই হাজার যথাস্থানে স্থাপন করা হয়নি। তা ছাড়া কিছু পিলার এরই মধ্যে ভেঙে পড়েছে। কিছু পিলার তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এতে নদীর সীমানা নির্ধারণ নিয়ে জটিলতা সৃষ্টির আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
পরিবেশবাদী সংগঠনগুলোর দাবি, সীমানা পিলার তৈরিতে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় কয়েক বছর যেতে না যেতেই এগুলো ভেঙে পড়ছে। এ রকম দুই হাজারের বেশি পিলার নিয়ে আপত্তি জানিয়েছে বিআইডব্লিউটিএ। তারা এসব পিলার পুনরায় জরিপ চালিয়ে পুনঃস্থাপনের জন্য জেলা প্রশাসনকে অনুরোধ জানিয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০৯ সালে রাজধানীর চারপাশে প্রবাহিত বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ ও বালু নদী রক্ষায় সিএস ও আরএস মানচিত্র অনুসারে সীমানা পিলার স্থাপনের নির্দেশ দেন হাইকোর্ট। ওই নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসন, বিআইডব্লিউটিএ, গণপূর্ত বিভাগসহ সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলো নদীতে জরিপ চালিয়ে পিলার স্থাপনের কাজ শুরু করে। ২০১২ সালে শীতলক্ষ্যার দুই পাড়ে ৫ হাজার ১৫৮টি পিলার স্থাপন করা হয়।
বিআইডব্লিউটিএ সূত্র জানায়, শীতলক্ষ্যার দুই পাড়ে স্থাপন করা পিলারগুলোর মধ্যে ২ হাজার ১৫৮টি পিলারের ব্যাপারে উচ্চ আদালতের আদেশ সঠিকভাবে বাস্তবায়ন নিয়ে বিআইডব্লিউটিএর পক্ষ থেকে আপত্তি দেওয়া হয়। জরিপ যথাযথ প্রক্রিয়ায় হলেও ২ হাজার ১৫৮টি পিলার যথাস্থানে স্থাপন করা হয়নি। বিশেষ করে বন্দর উপজেলার বিভিন্ন মৌজা এবং নদীর পশ্চিম পাড়ে নারায়ণগঞ্জ শহরের টানবাজার, কদমতলী ও কেরোসিন ঘাট এলাকার পিলারগুলোর বিষয়ে আপত্তি রয়েছে। এসব পিলার পুনরায় জরিপ চালিয়ে পুনঃস্থাপনের জন্য জেলা প্রশাসনকে অনুরোধ জানানো হয়েছে। বিষয়টি নৌপরিবহন মন্ত্রণালয়ের জাতীয় টাস্কফোর্সের কমিটির সভাতেও উঠেছে। ওই টাস্কফোর্সের সিদ্ধান্ত হলো সিএস জরিপ অনুযায়ী নদীর সীমানা চিহ্নিত এবং সেভাবেই পিলার স্থাপন করতে হবে।
কথা হয় শীতলক্ষ্যা নদীর তীরবর্তী দুই বাসিন্দা রহমত ব্যাপারী ও আফজাল হোসেনের সঙ্গে। তাঁরা বলেন, অনেক পিলার নদীর ভেতরে স্থাপন করা হয়েছে। এতে দখলকারীরা নদীর জায়গা দখলের আরও বৈধতা পেলেন। তাঁরা আরও বলেন, পিলারগুলো স্থাপনের কিছুদিন পরই বেশ কিছু পিলারের মাথার লোহার পাইপ কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা। আবার অনেকগুলো ভেঙে পড়েছে।
পরিবেশবাদী সংগঠন নির্ভীকের প্রধান সমন্বয়ক এ টি এম কামাল বলেছেন, হাইকোর্ট নির্দেশ দিলেও তা যথাযথভাবে পালন করা হয়নি। তারপরও যতটুকু কাজ হয়েছে, তারও রক্ষণাবেক্ষণ নেই। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করায় কয়েক বছর যেতে না যেতেই পিলারগুলো ভেঙে পড়ছে। রাতের আঁধারে অনেক পিলার তুলে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। অবিলম্বে পিলারগুলো সঠিকভাবে জরিপ করে স্থায়ীভাবে স্থাপন ও রক্ষণাবেক্ষণ করতে হবে। নইলে নদীর সীমানা নির্ধারণ নিয়ে জটিলতা দেখা দেবে বলে তিনি মনে করেন।
বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্ম পরিচালক এ কে এম আরিফ উদ্দিন বলেন, শীতলক্ষ্যায় যেসব সীমানা পিলার ইতিমধ্যে হেলে পড়েছে বা ভেঙে পড়েছে বা চুরি হয়ে গেছে, তা দখলদারদের নদীর জায়গা দখল বা তাদের স্বার্থ হাসিলের জন্য। তিনি বলেন, ব্রিটিশ আমলের সীমানা পিলার এখনো দৃশ্যমান। তার মানে সীমানা পিলারগুলো ভালোভাবে নির্মাণ ও নকশা না করলে নদীর ঢেউয়ে ভেঙে যাবে।
আরিফ উদ্দিন বলেন, নদীর সীমানা পিলারের বিষয়টি নদী কমিশন ও টাস্কফোর্সে তুলে ধরা হয়েছে। সম্প্রতি জাতীয় টাস্কফোর্স ও নদী কমিশনে সিদ্ধান্ত হয়েছে পুনরায় জরিপ করে পিলার স্থাপনের। নতুন করে যে পিলারগুলো স্থাপন করা হবে, সেগুলোর স্থায়িত্ব যেন দীর্ঘকালব্যাপী হয় তা গণপূর্ত বিভাগকে বলা হয়েছে।
যোগাযোগ করলে জেলা প্রশাসক রাব্বি মিয়া প্রথম আলোকে বলেন, ‘শীতলক্ষ্যা নদী দখল ও দূষণ ঠেকাতে আমরা বদ্ধপরিকর। এ ব্যাপারে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’