
ঢাকা ও নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর পানির দূষণ মারাত্মকভাবে বেড়ে যাওয়ায় সায়েদাবাদ পানিশোধনাগারে স্থাপিত প্রাক্-শোধনযন্ত্র যথাযথ কাজে আসছে না। এতে পানিতে ক্ষতিকর উপাদান নাইট্রেট বেশি মাত্রায় থেকে যাচ্ছে। দূষণ কমাতে ঢাকা ওয়াসার পানিতে অতিরিক্ত মাত্রায় ক্লোরিন দেওয়া হচ্ছে। যা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
রাজধানীর বিভিন্ন এলাকায় পানিতে দুর্গন্ধের কারণ জানতে ঢাকা ওয়াসার সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা ও পানি বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া যায়। রাজধানীতে ওয়াসার সরবরাহ করা পানির ২০ শতাংশ আসে শীতলক্ষ্যা থেকে, সায়েদাবাদ শোধনাগারের মাধ্যমে।
রাজধানীতে সুপেয় পানির এমন অবস্থার মধ্যে আজ রোববার বিশ্ব পানি দিবস পালিত হচ্ছে। এবারের দিবসের প্রতিপাদ্য: পানির সহজ প্রাপ্তি টেকসই উন্নয়নের ভিত্তি। তবে সেই টেকসই উন্নয়ন এখনো অধরা। নদীদূষণের জন্য অন্যতম দায়ী শিল্পকারখানার বিরুদ্ধেও তেমন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
২০১১ সালে প্রায় ৬০ কোটি টাকা ব্যয়ে প্রাক্-শোধনযন্ত্রটি (প্রি-ট্রিটমেন্ট প্ল্যান্ট) বসানো হয়। ২০১২ সালের ডিসেম্বরে সায়েদাবাদ শোধনাগারের দ্বিতীয় পর্যায় (সেকেন্ড ফেজ) চালুর আগে এই প্রাক্-শোধনযন্ত্রটি স্থাপনের উদ্দেশ্য ছিল নিরাপদ সুপেয় পানি সরবরাহের দিকটি নিশ্চিত করা। কারণ, তখন শীতলক্ষ্যার দূষণ এমন পর্যায়ে ছিল, যার পানি সরাসরি শোধনাগারের মাধ্যমে শোধন সম্ভব হচ্ছিল না। তবে ওই সময়ে সারা বছর প্রাক্-শোধনযন্ত্রটি চালু রাখার সিদ্ধান্ত হলেও ওয়াসা শীতলক্ষ্যার পানি ভালো থাকার কারণ দেখিয়ে বর্ষা মৌসুমে তা বন্ধ রাখে।
শীতলক্ষ্যার পানিতে অ্যামোনিয়ার মাত্রা অনেক বেড়ে গেছে বলে জানিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ও পানি বিশেষজ্ঞ মো. মুজিবুর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, ‘শীতলক্ষ্যার পানির অ্যামোনিয়ার মাত্রা কমানোর জন্য সায়েদাবাদ পানিশোধনাগারে প্রাক্-পরিশোধনযন্ত্র বসানো হয়েছিল, যদিও সে সময় এ ব্যাপারে আমাদের আপত্তি ছিল। কারণ, মূল উৎসে পানির দূষণ না কমিয়ে কেবল প্রাক্-শোধনযন্ত্র তেমন কাজে আসবে না। তার ফলও এখন পাওয়া যাচ্ছে।’
সম্প্রতি বুয়েটের পরীক্ষার কথা উল্লেখ করে অধ্যাপক মুজিবুর রহমান জানান, শীতলক্ষ্যায় প্রতি লিটার পানিতে অ্যামোনিয়ার সহনীয় মাত্রা ৫ মিলিগ্রাম। ওই যন্ত্রটি বসানোর আগে সেখানে অ্যামোনিয়ার মাত্রা ছিল প্রায় ১৪ মিলিগ্রাম। কিন্তু এখন তা প্রায় ২৫ মিলিগ্রাম। ফলে প্রাক্-শোধনযন্ত্র খুব একটা কাজে লাগছে না। অ্যামোনিয়ার মাত্রা বেড়ে যে পরিমাণ নাইট্রেট তৈরি করে তা মানবদেহ বিশেষ করে শিশুদের জন্য ক্ষতিকারক। অতিরিক্ত ক্লোরিনও মানবদেহের জন্য ক্ষতিকর।
ওয়াসা সূত্রে জানা গেছে, সরবরাহ করা পানির দূষণ কমাতে বর্তমানে স্বাভাবিকের তুলনায় তিন গুণ ক্লোরিন দেওয়া হচ্ছে।
জানতে চাইলে ঢাকা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক (উৎপাদন ও রক্ষণাবেক্ষণ) এ ডি এম কামরুল আলম চৌধুরী শীতলক্ষ্যার পানির দূষণ অতিরিক্ত মাত্রায় বেড়ে যাওয়া এবং এর ফলে অতিরিক্ত ক্লোরিন দেওয়ার বিষয়টি স্বীকার করেন। তবে তিনি প্রথম আলোকে বলেন, প্রাক্-শোধনযন্ত্র না থাকলে বর্তমান অবস্থা আরও খারাপ হতো।
বাসাবো, কদমতলা, গোড়ানসহ ঢাকার পূর্বাঞ্চলীয় এলাকা, গোপীবাগ, পেয়াদাপাড়া, অভয় দাস লেন, কে এম দাস লেন, স্বামীবাগ, ওয়ারী, মগবাজার, তেজগাঁও, কাঁঠালবাগান, কারওয়ান বাজার, মোহাম্মদপুর, মিরপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় পানিতে ময়লা ও দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। এই দুর্গন্ধের প্রধান কারণ শীতলক্ষ্যা নদী বলে দাবি করেছে সংশ্লিষ্ট সূত্রগুলো। এই নদী থেকে সায়েদাবাদ শোধনাগারে পানি শোধন করে রাজধানীতে সরবরাহ করা হয়। যেসব এলাকায় শোধনাগারের পানি যাওয়ার কথা নয়, ওয়াসার আন্তসংযোগের কারণে সেসব এলাকায়ও সে পানি পৌঁছে যায়।
২০০৫ সালে পরিবেশ অধিদপ্তর তেজগাঁওসহ বিভিন্ন এলাকা থেকে শীতলক্ষ্যায় যাওয়া বর্জ্য সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করা হয়। সেখানে ৩৫০টি শিল্পপ্রতিষ্ঠানের নাম উল্লেখ করে বলা হয়, আট ধরনের শিল্পপ্রতিষ্ঠান থেকে নদী দূষিত হচ্ছে। এসব শিল্পপ্রতিষ্ঠানে বর্জ্য পরিশোধন প্ল্যান্ট (ইটিপি) বসানোর আবশ্যকতা তুলে ধরা হয়। এর আলোকে ২০০৭ সালে সাবেক তত্ত্বাবধায়ক সরকার নতুন করে উদ্যোগ নেয়। শিল্প মন্ত্রণালয় থেকে রাজধানীর শিল্পপ্রতিষ্ঠানগুলোকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে ওই বছরের অক্টোবর মাসের মধ্যে ইটিপি বসানোর নির্দেশ দেওয়া হয়েছিল। পরে ২০০৯ সালে আওয়ামী লীগ সরকারের শিল্প মন্ত্রণালয় নতুন করে উদ্যোগ নিলেও সব শিল্পকারখানা ইটিপি বসায়নি।
জানতে চাইলে পরিবেশ অধিদপ্তরের পরিচালক আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, বিভিন্ন সময় অভিযান পরিচালনা করতে গিয়ে দেখা গেছে ৮০ শতাংশ শিল্পকারখানায় ইটিপি রয়েছে। তবে রাতে এগুলো বন্ধ রাখা হয়।