শীতলক্ষ্যার সীমানায় থাকা স্থাপনা উচ্ছেদে বাধা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর সীমানায় থাকা জেটি ও স্থাপনা উচ্ছেদে আইনগত কোনো বাধা নেই।
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর সীমানায় থাকা জেটি ও স্থাপনা উচ্ছেদে আইনগত কোনো বাধা নেই।

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর সীমানায় থাকা জেটি ও স্থাপনা উচ্ছেদে আইনগত কোনো বাধা নেই। চার নদনদী রক্ষায় হাইকোর্টের রায়ের পর শীতলক্ষ্যা নদীর সীমানায় থাকা স্থাপনা উচ্ছেদের নির্দেশনাসংক্রান্ত রায় পুনর্বিবেচনার জন্য পাঁচ ব্যবসায়িক প্রতিষ্ঠানের করা আবেদন গতকাল সোমবার খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।
বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ ও বালু—এই চার নদনদীর সীমানায় থাকা স্থাপনা উচ্ছেদের নির্দেশনা-সংক্রান্ত আপিল বিভাগের রায় পুনর্বিবেচনার আবেদনকারী পাঁচ প্রতিষ্ঠান হচ্ছে সিটি গ্রুপ, হাইডেলবার্গ সিমেন্ট, কামাল ভেজিটেবল অয়েল মিলস লিমিটেড, সিমেক্স সিমেন্ট ও মোল্লা সল্ট ইন্ডাস্ট্রিজ।
বিবাদীপক্ষের আইনজীবী মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, চার নদী রক্ষায় হাইকোর্টের রায়ের আলোকে শীতলক্ষ্যা নদীর সীমানায় থাকা পাঁচ প্রতিষ্ঠানের জেটি সরাতে নোটিশ দিয়েছিল নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। এর বিরুদ্ধে তারা আবেদন করলে হাইকোর্টে ও পরে আপিল বিভাগে লিভ টু আপিল খারিজ হয়। আপিল বিভাগে রায় পুনর্বিবেচনার আবেদনও খারিজ হয়েছে। ফলে শীতলক্ষ্যা নদীর সীমানায় থাকা পাঁচ প্রতিষ্ঠানের জেটি ও স্থাপনা সরাতে আইনগত কোনো বাধা রইল না। অন্য তিন নদীর ক্ষেত্রে নদীর সীমানায় থাকা স্থাপনা ইতিমধ্যে অপসারণ করা হয়েছে। পুনর্বিবেচনার আবেদন খারিজ হওয়ায় আপিল বিভাগের রায় বহাল রইল।
পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০০৯ সালের ২৫ জুন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ চার নদনদীর সীমানা নির্ধারণসহ নদীর সীমানায় থাকা স্থাপনা উচ্ছেদে কয়েক দফা নির্দেশনা দিয়ে রায় দেন। রায়ে ওই বছরের ৩০ নভেম্বরের মধ্যে সিএস রেকর্ড অনুযায়ী চার নদনদীর সীমানা নির্ধারণ করতে নির্দেশ দেওয়া হয়।
পরে এই রায় অনুযায়ী কার্যক্রম শুরুর নির্দেশনা চেয়ে সংগঠনটি হাইকোর্টে আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্টের অপর একটি দ্বৈত বেঞ্চ ২০১০ সালের ২৪ জানুয়ারি ঢাকার চারপাশের চার নদী বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু ও তুরাগের তীরবর্তী জায়গার অবৈধ স্থাপনা এক মাসের মধ্যে উচ্ছেদ ও অপসারণের কাজ শুরু করতে নির্দেশ দেন।
এ রায়ের আলোকে শীতলক্ষ্যা নদীর সীমানায় থাকা বিভিন্ন প্রতিষ্ঠানের স্থাপনা সরাতে ২০১০ সালের ৯ ফেব্রুয়ারি নোটিশ দেয় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। এরপর রায় পুনর্বিবেচনা ও সংশোধন চেয়ে বিভিন্ন প্রতিষ্ঠান হাইকোর্টের একটি বেঞ্চে আবেদন করলে ২০১০ সালের ২১ মার্চ আদালত জনস্বার্থে ব্যবহৃত সরকারি স্থাপনাসমূহ উচ্ছেদ কার্যক্রমের বাইরে থাকবে বলে ওই সব আবেদন খারিজ করেন। পরে এই রায় স্থগিত চেয়ে সাত প্রতিষ্ঠান আপিল বিভাগে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) আবেদন করে। ২০১০ সালের ৩ মে আপিল বিভাগে লিভ টু আপিল খারিজ করে দেন। পরে পাঁচ প্রতিষ্ঠান পুনর্বিবেচনার আবেদন করে। শুনানি শেষে গতকাল আদালত তা খারিজ করে দেন।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মাহমুদুল ইসলাম ও সৈয়দ আমিরুল ইসলাম। বিবাদীপক্ষে ছিলেন মনজিল মোরসেদ।