শীতলক্ষ্যায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতীরের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান অব্যাহত রয়েছে। গতকাল মঙ্গলবার দুটি ভবনের অবৈধ অংশ এবং একটি দেয়াল ভেঙে দেওয়া হয়েছে।গতকাল সকালে ভগবানগঞ্জ এলাকায় যৌথভাবে অভিযান শুরু করে জেলা প্রশাসন ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এ সময় শীতলক্ষ্যা নদীর তীর দখল করে গড়ে তোলা এসএম ফ্লাওয়ার মিলের একটি ছয়তলা ভবনের অবৈধ অংশ ভেঙে ফেলা হয়।পরে শহরের হাজীগঞ্জ এলাকায় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসিআই গ্রুপের নদীর তীর দখল করে তৈরি গাইড দেয়াল ও বর্ণালী ডাইংয়ের একটি দোতলা ভবনের অবৈধ অংশ ভেঙে ফেলা হয়। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল ইসলাম ও বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ বন্দরের উপপরিচালক আলমগীর কবির। দেড় শতাধিক শ্রমিক হামার, হাতুড়ি ও শাবল নিয়ে অভিযানে অংশ নেন।বিআইডব্লিউটিএর কর্মকর্তা আলমগীর কবির জানান, এসএম ফ্লাওয়ার মিলের ভবনের অবৈধ অংশ ভেঙে ফেলতে এর আগে মালিককে সময় বেঁধে দিলেও তা ভাঙা হয়নি। ভবনটি শীতলক্ষ্যা নদীতীরের মধ্যে ৩০ ফুট জায়গা দখল করে গড়ে তোলা হয়েছিল।