শীতলক্ষ্যায় অভিযান চালিয়ে দুটি ড্রেজার জব্দ, জরিমানা
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়ায় শীতলক্ষ্যা নদীতে গত মঙ্গলবার অভিযান চালিয়ে দুটি ড্রেজার জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ছয়জন শ্রমিককে আটক করে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা ও তা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেন আদালত। পরে দুজন ড্রেজার মালিক তিন লাখ টাকা জরিমানা দিয়ে শ্রমিকদের ছাড়িয়ে নেন।পুলিশ জানায়, শীতলক্ষ্যা নদীতে অবৈধভাবে চাঁদনী ট্রেডার্সের সাকিব সাব্বির ও দয়াল ভরসা নামের দুটি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছিল। বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রফিকুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার রাতে সরেজমিনে গিয়ে ড্রেজারগুলো জব্দ করেন। ছয়জন শ্রমিককে সরকারি সম্পদের ক্ষতিসাধনের দায়ে তিন লাখ টাকা জরিমানা ও তা অনাদায়ে প্রত্যেককে তিন মাস করে জেল দেন। শ্রমিকেরা জরিমানার টাকা পরিশোধ করতে না পারায় পুলিশ তাঁদের আটক করে নিয়ে যায়। পরে ড্রেজার মালিকেরা টাকা দিলে তাঁদের ছেড়ে দেওয়া হয়। তাঁরা হলেন আনোয়ার, মহিউদ্দিন, ইউসুব, আমির হোসেন, আলামিন ও রানা।ইউএনও মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখনো ড্রেজার দুটি জব্দ রয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।