শীতলক্ষ্যায় আরও নয়টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে গতকাল মঙ্গলবার তৃতীয় দিনের মতো অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালানো হয়েছে। গতকাল নদীর তীরের পাকা নয়টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ নিয়ে তিন দিনে মোট ১৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলো।গতকাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শোভা শাহ্নাজ ও সামছুদ্দৌজার নেতৃত্বে উচ্ছেদ অভিযান চালানো হয়। বিআইডব্লিউটিএর অগ্রণী ও অগ্রযাত্রা জাহাজ এবং শতাধিক শ্রমিক হামার, হাতুড়ি ও শাবল নিয়ে উচ্ছেদ অভিযানে অংশ নেন।বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ বন্দরের উপপরিচালক আলমগীর কবির জানান, গতকাল বেলা ১১টায় শীতলক্ষ্যা নদীর টানবাজার ও নিতাইগঞ্জ পয়েন্টে নয়টি পাকা অবৈধ স্থাপনা ও টার্মিনাল খেয়াঘাট এলাকার সাতটি দোকান (টংঘর) গুঁড়িয়ে দেওয়া হয়। শহরের টানবাজারে বিএনপির নেতা জাহাঙ্গীর আলমের পাঁচতলা ভবনের বর্ধিতাংশ ও মালেক শিকদারের ছয়তলা পোশাক কারখানার বর্ধিতাংশ ভেঙে ফেলা হয়। এর আগে আরও তিনবার এই দুটি ভবনের বর্ধিতাংশ ভাঙা হলেও তাঁরা আবার তা মেরামত করেন। এ ছাড়া ইব্রাহীম ও শ্রীবাস সাহার একটি টিনশেড গুদাম, আক্তার হোসেনের তিনটি গুদামের একাংশ ভেঙে ফেলা হয়।