শীতলক্ষ্যায় উচ্ছেদ অব্যাহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা (কাঁচপুর) সেতুর নিচে নদী দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযান অব্যাহত রয়েছে। গতকাল বুধবার জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ নদীর দখল করা অংশের বালু ও মাটি অপসারণ করেছে। বেলা ১১টার দিকে জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএর ৫০ জন শ্রমিক কাঁচপুর সেতুর নিচের পশ্চিম অংশে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেন। তাঁরা ৫০ ফুট লম্বা ভেকুর (মাটি কাটার যন্ত্র) সাহায্যে বালু ও মাটি কেটে তা ২০টি ট্রাক ও দুটি বালুবাহী বাল্কহেডের সাহায্যে সরিয়ে নেন। বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দর উপপরিচালক আলমগীর কবির বলেন, মাটি ও বালু অপসারণ করতে দুটি এক্সাভেটর (ভেকু) ও একটি ড্রেজার লাগানো হয়েছে। বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দর ঊর্ধ্বতন উপপরিচালক সাইফুল ইসলাম বলেন, গত দুই দিনে আনুমানিক এক লাখ ঘনফুট মাটি অপসারণ করা হয়েছে। তবে সম্পূর্ণ অপসারণ করতে কমপক্ষে সাত দিন সময় লাগবে। উচ্ছেদ অভিযানকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল ইসলামসহ বিপুলসংখ্যক আমর্ড পুলিশ ও র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।