শীতলক্ষ্যায় উচ্ছেদ অভিযান অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে গতকাল বুধবার দ্বিতীয় দিনের মতো অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। গতকাল বুধবার সকালে শহরের সৈয়দপুর এলাকায় শীতলক্ষ্যা নদীর পশ্চিম ও দক্ষিণাংশে উচ্ছেদ অভিযান চালিয়ে ছয়টি স্থাপনা ভেঙে ফেলা হয়। এসব স্থাপনা নদীর প্রায় ৪০-৫০ ফুট জায়গা দখল করে ছিল। ভেঙে ফেলা স্থাপনাগুলো হলো সৈয়দপুরের শারমিন জুট বেলার্সের গাইড দেয়াল, কদমতলী জামে মসজিদের বর্ধিত অংশ, ভগবানগঞ্জ মৌজায় জাহাঙ্গীর আলমের একটি চারতলা ভবন, জয়নাল আবেদীনের একটি একতলা ও একটি দেড়তলা ভবন ও নাসিরউদ্দিনের আধাপাকা গুদাম। এর আগে গত মঙ্গলবার উচ্ছেদের প্রথম দিনে ১৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া শীতলক্ষ্যা, বালু ও বুড়িগঙ্গা নদীর দুই তীর দখল করে গড়ে উঠেছে অসংখ্য শিল্পপ্রতিষ্ঠান, গুদামঘর, পাকা ইমারতসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী জেলা প্রশাসন ৩২০টি অবৈধ স্থাপনা চিহ্নিত করেছে। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেওয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শোভা শাহনাজ জানান, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী নদীতে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। অভিযানে অংশ নেওয়া বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ (বন্দর) পোর্টের উপপরিচালক আলমগীর কবির জানান, অভিযানে শতাধিক শ্রমিক এবং জাহাজ অগ্রণী ও অগ্রযাত্রা অংশ নেয়। এ ছাড়া অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সামসুদ্দৌহাসহ বিদ্যুৎ, গ্যাস, ওয়াসা, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন দপ্তরের লোকজন উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষায় ছিলেন র‌্যাব ও পুলিশের বিপুলসংখ্যক সদস্য।