শীতলক্ষ্যায় উচ্ছেদ অভিযান আজ শুরু
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা, বালু ও বুড়িগঙ্গার দুই তীরের অবৈধ দখলদার উচ্ছেদ অভিযান আজ মঙ্গলবার শুরু করছে জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ।জেলা প্রশাসক মো. সামছুর রহমান জানান, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এ তিন নদীতে জরিপ চালিয়ে ৩২০টি অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে। একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে উচ্ছেদ অভিযান চালানো হবে। অভিযান চলাকালে র্যাব ও পুলিশ মোতায়েন থাকবে। সব কটি অবৈধ স্থাপনা উচ্ছেদ না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত এক বছরে শীতলক্ষ্যা, বালু ও বুড়িগঙ্গার উভয় তীরে ১০৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলেও এখনো তিন হাজার ১০টি অবৈধ স্থাপনা রয়ে গেছে। দখল করা জায়গার পরিমাণ ১১৫৮ দশমিক ৬১ একর। দখলের কারণে এ তিনটি নদীর দৈর্ঘ্য কমে হয়েছে মাত্র ৭৬ দশমিক ৬৯ কিলোমিটার। এ সংক্রান্ত একটি প্রতিবেদন আদালতে জমা দিয়েছে জেলা প্রশাসন।বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জের (বন্দর) উপপরিচালক আলমগীর কবির জানান, আজ সকাল নয়টায় উচ্ছেদ কার্যক্রম শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত চলবে। প্রথম দিন জেলার শীতলক্ষ্যার রূপগঞ্জের উত্তর রূপসী, গন্ধর্বপুর ও লক্ষ্মণগাঁও মৌজায় উচ্ছেদ অভিযান চলবে। এ কাজে দুই শতাধিক শ্রমিক নিয়োগ করা হয়েছে।