শীতলক্ষ্যায় উচ্ছেদ অভিযান শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের কাঁচপুর সেতুর নিচে শীতলক্ষ্যা নদীতে অবৈধভাবে নদী ভরাট ও দখলদারের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। গতকাল বুধবার বেলা ১১টা থেকে বিকেল পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চালানো হয়। উচ্ছেদকারী দল ভেকুর সাহায্যে (মাটি কাটার যন্ত্র) সেতুর পূর্ব ও পশ্চিম পাশের মাটি ভরাট অংশ খনন করে। তবে উচ্ছেদ অভিযান চালানোর আগেই দখলদারদের কাছে খবর পৌঁছে যায় বলে অভিযোগ করেছেন স্থানীয় লোকজন। এ কারণে উচ্ছেদ অভিযানের আগেই দখলদারেরা তাঁদের মালামাল সরিয়ে নেন বলে তাঁরা জানান।প্রত্যক্ষদর্শীরা জানান, সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের শিমরাইল এবং সোনারগাঁও উপজেলার কাঁচপুর মৌজার অন্তর্গত সড়ক ও জনপথের (সওজ) শীতলক্ষ্যা (কাঁচপুর সেতুর) নিচে প্রায় চার হাজার ফুট দৈর্ঘ্য নদীর তীরভূমি অবৈধভাবে দখল করে বালু ও পাথরের ব্যবসা চালিয়ে যাচ্ছেন অবৈধ দখলদারেরা। ফলে সংকুচিত হয়ে পড়ছে নদী ও বড় জাহাজগুলো চলাচলে ব্যাঘাত ঘটছে। গতকাল বেলা ১১টার দিকে জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএর যৌথ উদ্যোগে কাঁচপুর সেতুর নিচে উচ্ছেদ শুরু হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মফিজুর রহমান উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন। এ সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দরের ঊর্ধ্বতন উপপরিচালক সাইফুল ইসলাম, উপপরিচালক আলমগীর কবীর, নির্বাহী প্রকৌশলীসহ অন্য কর্মকর্তারা। এ ছাড়া বিপুলসংখ্যক র‌্যাব, পুলিশ, আর্মড পুলিশ ও অর্ধশতাধিক শ্রমিক অংশ নেন। সাইফুল ইসলাম বলেন, কাঁচপুর ব্রিজের পূর্ব ও পশ্চিম পাড়ে ১২ জন অবৈধ দখলদারকে চিহ্নিত করা হয়েছে। এখন চলছে ভরাট করা অংশের খননের কাজ। আজ বৃহস্পতিবারও উচ্ছেদ অভিযান চলবে। বিআইডব্লিউটিএর ঠিকাদার মোক্তার বলেন, কাঁচপুর সেতুর নিচে ভেকু দিয়ে মাটি কাটার সময় চালক ফিরোজ মিয়াকে মারধর করেছেন সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী নূর হোসেনের লোকজন। নূর হোসেন ও তাঁর ভাই নুরুজ্জামান জজের লোকজন নদীর তীরে খনন করা মাটি ও বালু নেওয়ার জন্য ভাড়া করা ট্রাক ঢুকতেও বাধা দিচ্ছেন। এমনকি খনন করা বালু ও মাটি না টানার জন্য ট্রাকচালক ও তাঁর সহযোগীকে নানাভাবে হুমকিও দেওয়া হচ্ছে। আলমগীর কবীর বলেন, কাঁচপুর সেতুর নিচে দুই তীর অবৈধভাবে দখল করে রাখা বালু নিলামে সাড়ে পাঁচ লাখ টাকায় বিক্রি করা হয়েছে।কাঁচপুর সেতুর নিচে শীতলক্ষ্যার দুই তীর দখল করে অবৈধ বালু ব্যবসা নিয়ে গত ৭ আগস্ট প্রথম আলোতে একটি সংবাদ প্রকাশিত হয়েছিল।