শীতলক্ষ্যায় একের পর এক দুর্ঘটনা, যাত্রীরা অসহায়
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। পারাপারের জন্য নেই পর্যাপ্ত ট্রলার। এলাকাবাসী দীর্ঘদিন ধরে পর্যাপ্ত নৌকা ও ট্রলারের দাবি জানিয়ে এলেও ঘাট ইজারাদারেরা এ ব্যাপারে উদাসীন।এ ছাড়া শীতলক্ষ্যায় বেপরোয়াভাবে চলছে অবৈধ বালুবাহী ট্রলার। এগুলো ঘটাচ্ছে দুর্ঘটনা। গত রোববার ট্রলারডুবিতে আটজনের লাশ উদ্ধার করা হয়। শীতলক্ষ্যার পূর্বদিকে বন্দর উপজেলা আর পশ্চিম দিকে নারায়ণগঞ্জ শহর। বন্দর উপজেলা থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ শহরে কাজ করতে যায়।বন্দরের ব্যবসায়ী রহমত ব্যাপারী জানান, বন্দরঘাটে যাত্রী পারাপারের জন্য সার্বক্ষণিক চারটি ট্রলার চলার কথা। কিন্তু সকালে আর রাতে দুই ঘণ্টা দুটি করে ট্রলার চলে আর বাকি সময়ে একটি ট্রলার চলে। সকালে আর রাতে তৈরি পোশাক কারখানা ছুটির সময় যখন হাজার হাজার শ্রমিক নদী পার হতে আসে, তখন ট্রলারে থাকে উপচেপড়া ভিড়।বন্দরের বাসিন্দা নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র জোবায়ের ও তমাল জানান, ট্রলার কম রেখে যাত্রীদের নৌকায় যেতে বাধ্য করার জন্য ঘাটের ইজারাদার নৌকাপ্রতি প্রতিদিন ৩০ টাকা করে আদায় করেন। ট্রলার বন্ধ রাখলে ঘাট ইজারাদারের দুটি লাভ। একদিকে নৌকাচালকদের কাছ থেকে টাকা পাওয়া যাচ্ছে, অন্যদিকে ট্রলারের তেল পোড়াতে হচ্ছে না। বন্দরঘাটে নৌকা রয়েছে প্রায় ১০০টি। একেকটি নতুন নৌকা নদীতে নামাতে কমপক্ষে ২০ হাজার টাকা চাঁদা আদায় করেন মাঝি সমিতির নেতারা। তাই ঘাটে নতুন নৌকা নামে না। টানবাজার ঘাটে মাঝেমধ্যে ট্রলার একদম বন্ধ করে রাখা হয়। এই সুযোগ নিয়ে নৌকার মাঝিরা অতিরিক্ত যাত্রী বোঝাই করে চলাচল করেন। এ ধরনের নৌকা প্রায়ই লঞ্চ-জাহাজের ঢেউয়ের ধাক্কায় বা বাতাসের তোড়ে উল্টে যায়।গত রোববার রাতের ট্রলারডুবিতে নিখোঁজ রয়েছেন তৈরি পোশাক কারখানার কর্মী মুকুল দাস (২৭)। বন্দরের ঋষিপাড়া এলাকার গোকুল দাসের ছেলে তিনি। নদীর তীরে মুকুলের জন্য মাতম করছিলেন তাঁর ভাবি স্বপ্না দাস। কান্নারত স্বপ্না দাস বলেন, ‘ঘাটওয়ালাদের কত্ত কইছি, ট্রলার বাড়ান, নৌকা বাড়ান। টানবাজার ঘাটে ট্রলার লাগে চারটা। হেরা দেয় একটা। রাইতে বালুর ট্রলারের লাইট থাকে না। কেউ কিছু কয় না। আমরা মরলেই কী? আমরা তো লেবার।’স্বপ্না দাসের মতো অভিযোগ স্বজনদের খোঁজে আসা অসংখ্য এলাকাবাসীর। বন্দরঘাটের দোকানদার বাছেদ জানান, ‘শীতলক্ষ্যা নদীর নারায়ণগঞ্জ শহরসংলগ্ন পাঁচটি ঘাট এলাকায় প্রায়ই নৌকা উল্টে যাওয়া, নৌকায় বালুর ট্রলার বা লঞ্চের ধাক্কা, অতিরিক্ত যাত্রী বহনের কারণে ট্রলার বা নৌকা ডুবে যাওয়া, নৌকা বা ট্রলারে ওঠার সময় কাঠের জেটি ভেঙে যাত্রীদের নদীতে পড়ে যাওয়া—এমনি কোনো না কোনো দুর্ঘটনা ঘটে। বড় দুর্ঘটনা হলে এ নিয়ে আলোচনা হয়, কিন্তু ছোট দুর্ঘটনাগুলো ধামাচাপা পড়ে যায়।’ গত ফেব্রুয়ারি মাসে ট্রলার ডুবে মারা যান ছয়জন শ্রমিক। মার্চ মাসে একজন মারা যান। এরপর জুন মাসে আবার ট্রলার ডুবে দুই সহোদর মারা গেলেন।বন্দরঘাট মাঝি সমিতির সাধারণ সম্পাদক বাবুল দাস চাঁদা নিয়ে নৌকা নামানোর অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এসব মিথ্যা কথা। অনেকে বানিয়ে বানিয়ে বলে।’নারায়ণগঞ্জের বন্দর খেয়াঘাট, টানবাজার খেয়াঘাটসহ চারটি খেয়াঘাটের ইজারাদার বিআইডব্লিউটিএর ঘাট শ্রমিক বহুমুখী সমবায় সমিতি। এর সভাপতি মো. জাকির হোসেন। বন্দরঘাটে গিয়ে তাঁকে বা সংগঠনের কোনো নেতাকে পাওয়া যায়নি। বাংলাদেশ কার্গো ট্রলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর বলেন, ১০ বছর আগের তুলনায় শীতলক্ষ্যা নদীতে বালুর ট্রলারসহ বিভিন্ন ধরনের নৌযানের চলাচল কয়েক গুণ বেড়ে গেছে। বালুর ট্রলার, নৌকার মাঝিদের কোনো প্রশিক্ষণ নেই। ফলে এরা প্রায়ই দুর্ঘটনা ঘটায়। এর আগে বিআইডব্লিউটিএ একটি প্রশিক্ষণ কোর্স চালু করলেও একটি ব্যাচের পরই তা বন্ধ করে দিয়েছে। এটি আবার চালু করা দরকার।বিআইডব্লিউটিএর ঊর্ধ্বতন উপপরিচালক মো. সাইফুল ইসলাম বলেন, ‘আমরা ঘাটের ইজারাদারদের বলেছি চাহিদা অনুযায়ী ট্রলারের ব্যবস্থা করতে। তাঁরা কেন তা করছেন না, তাঁরাই বলতে পারবেন। বিষয়টি দেখার দায়িত্ব বাংলাদেশ সমুদ্র পরিবহন অধিদপ্তরের। স্থানীয়ভাবে বিষয়টি দেখবে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন।’বিআইডব্লিউটিএর বক্তব্যের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক সামছুর রহমান বলেন, ‘যেহেতু ঘাট ইজারা দেয় বিআইডব্লিউটিএ; তাই ট্রলার ও নৌকা কতটি চলবে, যা চলার কথা তা ঠিকমতো চলছে কি না, সেসব তাদেরই দেখা উচিত। প্রশাসনিক সহযোগিতা লাগলে সে ক্ষেত্রে আমরা সহযোগিতা দিতে পারি।’