শীতলক্ষ্যায় ঝাঁপ দিয়ে নিখোঁজ স্কুলছাত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় গতকাল বৃহস্পতিবার এক স্কুলছাত্রী (১৫) শীতলক্ষ্যা নদীতে ঝাঁপ দিয়েছে। গতকাল রাত আটটার দিকে এ সংবাদ লেখা পর্যন্ত তাকে জীবিত বা মৃত উদ্ধার করা যায়নি। নদীতে ঝাঁপ দেওয়া ওই ছাত্রী স্থানীয় একটি বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগে দশম শ্রেণীতে পড়ত। সকাল সাতটার দিকে কোচিং ক্লাস করতে বাড়ি থেকে বের হয়ে সেতু থেকে সে শীতলক্ষ্যা নদীতে ঝাঁপ দেয়। এর পর থেকে সে নিখোঁজ। বাড়িতে একটি চিঠি লিখে গেছে ওই ছাত্রী। এতে মায়ের উদ্দেশে সে লিখেছে, ‘আমার জন্য তোমাকে কারও কাছে ছোট হতে হবে না। বিয়ে নিয়ে দুশ্চিন্তা করতে হবে না। আমি তোমাদের সকল প্রকার দায় থেকে মুক্তি দিলাম।’প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওই ছাত্রীর পরিবারের সদস্যরা জানান, সকাল সাতটার দিকে তরগাঁও এলাকার বাড়ি থেকে স্কুলব্যাগ নিয়ে বের হয় সে। কাপাসিয়া বাজারে কোচিং শেষ করে বিদ্যালয়ে যাওয়ার কথা ছিল তার। কোচিংয়ে যাওয়ার পথে শীতলক্ষ্যা সেতুর ওপর মাঝনদী বরাবর থামে সে। জুতা স্কুলব্যাগের ভেতর ভরে তা সেতুর ওপর রেখে সে ঝাঁপ দিয়ে নদীতে পড়ে। নদীর পাড়ে বসে থাকা এক ব্যক্তি তা দেখে স্থানীয় লোকজনকে জানান। খবর পেয়ে সহপাঠীরা গিয়ে সেতুর ওপর স্কুলব্যাগ দেখে তা ওই ছাত্রীর বলে শনাক্ত করে। এলাকাবাসী জানান, বিল্লাল নামের এক বখাটে কোচিংয়ে যাওয়া-আসার পথে ওই ছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করত। এ নিয়ে মা তাকে প্রায়ই কটু কথা বলতেন। তার পড়াশোনায়ও এই মানসিক পীড়নের বিরূপ প্রভাব পড়ে। বিদ্যালয়ের একজন শিক্ষক জানান, সম্প্রতি প্রথম সাময়িক পরীক্ষায় ওই ছাত্রী দুটি বিষয়ে খারাপ করেছে। অথচ সে ক্লাসে প্রথম হতো। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর বলেন, গতকাল দিনভর ফায়ার সার্ভিসের ডুবুরিরা নদীতে তল্লাশি চালিয়েও ওই ছাত্রীকে উদ্ধার করতে পারেননি। তাকে উত্ত্যক্ত করার অভিযোগ উঠেছে। কিন্তু এর সপক্ষে এখনো কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। তদন্ত চলছে।