শীতলক্ষ্যায় ট্যাংকারের ধাক্কায় বালুবাহী কার্গোডুবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় শীতলক্ষ্যা নদীতে তেলবাহী ট্যাংকারের ধাক্কায় বালুবাহী কার্গোডুবির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার ভোরে সোনাকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার পরপরই বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ রুস্তম ঘটনাস্থলে দিনভর চেষ্টা করে। সন্ধ্যা সাতটার দিকে দুর্ঘটনাকবলিত নৌযানটি উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দরের উপপরিচালক ও উদ্ধারকারী জাহাজ রুস্তমের কমান্ডার ফজলুর রহমান জানান, গতকাল বুধবার ভোরে উপজেলার সোনাকান্দা এলাকায় বালুবাহী বাল্কহেড চৌরঙ্গীকে পেছন থেকে ধাক্কা দেয় জ্বালানি তেলবাহী ট্যাংকারের এমটি বিত্ত। এতে বালুবাহী কার্গো ট্রলারটির পেছনের অংশ ডুবে যায় এবং সামনের খালি অংশ আকাশের দিকে মুখ খাড়া হয়ে দাঁড়িয়ে পড়ে। সকাল ১০টার দিকে উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। বিআইডব্লিউটিএর চারজন ডুবুরি উদ্ধারকাজ শুরু করেন। তবে বালুবাহী কার্গোতে তল্লাশি চালিয়ে কোনো লাশের সন্ধান পাওয়া যায়নি। কার্গো ট্রলারের মালিক জামাল জানিয়েছেন, তাঁদের কেউ নিখোঁজ নেই। তিনি আরও বলেন, শীতলক্ষ্যা নদীর এ চ্যানেল খুব গুরুত্বপূর্ণ। কারণ, জ্বালানি তেল চট্টগ্রাম থেকে এ পথে এনে পদ্মা ও মেঘনা ডিপোতে নেওয়ার পর তা সারা দেশে সরবরাহ করা হয়। দিনভর চেষ্টার পর সন্ধ্যা সাতটার দিকে দুর্ঘটনাকবলিত নৌযানটি উদ্ধার করা হয়েছে।