শীতলক্ষ্যায় ট্রলারকে বাল্কহেডের ধাক্কা এক যাত্রীর মৃত্যু
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ১ নম্বর খেয়াঘাটসংলগ্ন শীতলক্ষ্যা নদীতে গতকাল শনিবার রাতে একটি বালুবাহী বাল্কহেড একটি ট্রলারকে ধাক্কা দেয়। এ ঘটনায় আতঙ্কে পানিতে লাফিয়ে পড়ে এক যাত্রীর মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে ১০টার দিকে ওই খেয়াঘাট থেকে ২০-২৫ জন যাত্রী নিয়ে একটি ট্রলার বন্দর উপজেলার খেয়াঘাটের দিকে রওনা হয়। ট্রলারটি বন্দর খেয়াঘাটের কাছাকাছি পৌঁছালে ওই বাল্কহেড এটিকে ধাক্কা দেয়। এ সময় ট্রলারের যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। একপর্যায়ে কয়েকজন যাত্রী পানিতে লাফিয়ে পড়ে। তাদের মধ্যে অনেকেই সাঁতরে তীরে উঠতে সক্ষম হয় এবং অন্যদের বন্দর ঘাটে থাকা লোকজন নৌকায় করে উদ্ধার করে। তাদের মধ্যে ফকির মিয়া (৪৫) নামে গুরুতর আহত একজনকে শহরের খানপুরের নারায়ণগঞ্জ ২০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ট্রলারের থাকা আরও পাঁচ যাত্রী আহত হন। দুর্ঘটনার পর বাল্কহেডটি দ্রুত পালিয়ে যায়।ফকির মিয়ার বাড়ি বন্দর উপজেলায়। তিনি নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা বিসিক শিল্প নগরের একটি রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানের নিরাপত্তা প্রহরী।