শীতলক্ষ্যায় ট্রলারডুবি
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মূলগাঁও এলাকায় গতকাল রোববার বিকেলে ২৬ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। যাত্রীরা স্থানীয় প্রাণ-আরএফএল কোম্পানির কারখানার শ্রমিক ছিল। এ ঘটনায় নিহতের কোনো খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কালীগঞ্জ উপজেলার শীতলক্ষ্যা নদীর অপর প্রান্তে নরসিংদীর পলাশ এলাকায় প্রাণ-আরএফএল কোম্পানির কারখানা রয়েছে। ওই কারখানায় ছুটি শেষে শ্রমিক নিয়ে তাঁদের জন্য ভাড়া করা একটি ট্রলার কিছু দূর যাওয়ার পরই একটি সিমেন্টবাহী কার্গো জাহাজের সঙ্গে ধাক্কা খায়। এ সময় যাত্রীবাহী ট্রলারটি শীতলক্ষ্যা নদীর পানিতে তলিয়ে যায়। ট্রলারটি যাত্রী নিয়ে পার্শ্ববর্তী কুলিঙ্গা ঘাটে যাচ্ছিল।
ট্রলারডুবির খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঢাকা থেকে ডুবুরিরা আসেন। তাঁরা ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করেন। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। বেশ কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়ায় তাঁদের কারখানার নিজস্ব চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রাণ-আরএফএল কারখানার প্রশাসনিক কর্মকর্তা আলমগীর হোসেন জানান, ট্রলারটি শুধু তাঁদের শ্রমিক আনা-নেওয়ার জন্য ভাড়া করা। ট্রলারে যাত্রী নেওয়ার সময় একটি রেজিস্ট্রারে নাম এন্ট্রি করা হয়। গতকাল বিকেলে তাঁদের ২৬ জন শ্রমিক নাম রেজিস্ট্রারে এন্ট্রি করে ট্রলারে উঠেছিলেন। ট্রলারটি ডুবে যাওয়ার পর ২৬ জন নদী থেকে উঠে আসতে পেরেছিলেন। এন্ট্রির বাইরের কেউ ট্রলারে উঠেছিল কি না তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ওই কর্মকর্তা।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, কী কারণে ট্রলারটি ডুবে গেছে সে বিষয়ে তদন্ত করে দেখা হবে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা হয়েছে। এতে নিহতের কোনো ঘটনা ঘটেনি।