শীতলক্ষ্যায় ট্রলারডুবি একজনের মৃত্যু
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার শীতলক্ষ্যা নদীতে গতকাল মঙ্গলবার সকালে যাত্রীবাহী একটি ট্রলার ডুবে যায়। এতে মো. লিমন মিয়া (১৯) নামের এক কারখানার শ্রমিকের মৃত্যু হয়েছে।
নরসিংদীর পলাশ উপজেলায় অবস্থিত প্রাণ কারখানার বাবলগাম সেকশনে কাজ করতেন লিমন। তাঁর গ্রামের বাড়ি গাজীপুরের কালীগঞ্জের বাহাদুরসাদী ইউনিয়নের যুগলী গ্রামে।
ট্রলারের বেঁচে যাওয়া যাত্রীরা জানান, কালীগঞ্জের জামালপুর এলাকার শীতলক্ষ্যা নদীর পূর্ব পাশের গুদারা ঘাট থেকে সকাল সাড়ে ছয়টার দিকে প্রাণ কারখানার অর্ধশতাধিক শ্রমিক নিয়ে একটি ট্রলার নদী পাড়ি দিয়ে পলাশে যচ্ছিল। কিছু দূর যাওয়ার পর ট্রলারটি নদীতে ডুবে যায়। এ সময় লিমন ছাড়া বাকি সবাই সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। পরে স্থানীয় জনতা ও ডুবুরি দল অভিযান চালিয়ে দুপুর ১২টার দিকে লিমন মিয়ার লাশ উদ্ধার করে।
কালীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লিমনের লাশ দাফনের জন্য তাঁর পরিবারকে ১০ হাজার টাকা দেওয়া হয়েছে। এ ছাড়া প্রাণ গ্রুপের সহকারী ব্যবস্থাপক ফজলে রাব্বি জানান, লিমনের পরিবারকে কারখানার পক্ষ থেকে সব রকমের সহযোগিতা দেওয়া হবে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ভূঁইয়া জানান, ঘটনার পরপরই এলাকাবাসী ও প্রাণ কারখানার নিজস্ব ডুবুরি দল উদ্ধারকাজে নামে। পরে তাদের সঙ্গে যোগ দেয় ঢাকা থেকে আসা ডুবুরি দল। ট্রলারটি উদ্ধার করা হয়েছে।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল আহসান তালুকদার জানান, খোলা ট্রলারটির এক পাশে অতিরিক্ত যাত্রী বসেছিলেন। এ কারণে এটি ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে।