শীতলক্ষ্যায় ডুবে কলেজছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় শীতলক্ষ্যা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মো. ইমন (১৭) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে রূপালী আবাসিক এলাকায় নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। ইমন নারায়ণগঞ্জ কলেজের একাদশ শ্রেণীর হিসাববিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, গতকাল বৃহস্পতিবার দুপুরে বন্দর উপজেলার রূপালী আবাসিক এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে কলেজছাত্র ইমন ও তার চার বন্ধু মিলে ফুটবল খেলা শেষে নদীতে গোসল করতে নামে। সাঁতার কাটার সময় ইমন পানিতে তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। খবর পেয়ে ইমনের আত্মীয়স্বজন ও স্থানীয় লোকজন নদীতে জাল ফেলে খোঁজাখুঁজি শুরু করে। বিকেল তিনটার দিকে নদী থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। ইমনের বাড়ি বন্দর উপজেলার সালেহ নগর এলাকায়। তার বাবার নাম মিন্টু মিয়া। ধারণা করা হচ্ছে, শীতলক্ষ্যা নদীতে স্রোতের কারণে পানিতে তলিয়ে ইমনের মৃত্যু হয়েছে।