শীতলক্ষ্যায় ডুবে তিন বোনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে সহোদর দুই বোনসহ তিন বোন ডুবে মারা গেছে। আজ বুধবার বিকেলে উপজেলার দাউদপুর ইউনিয়নের বেলদী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তিন শিশু হলো উপজেলার বেলদী নামাপাড়া এলাকার মাসকুর মিয়ার মেয়ে ও স্থানীয় বেলদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী মাকসুদা আক্তার (৯) ও তার ছোট বোন দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী মারিয়া আক্তার (৭) এবং মাসকুর মিয়ার ভাই হাফিজউদ্দিনের মেয়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী হাবিবা আক্তার (১০)।

ওই শিশুদের পরিবারের বরাত দিয়ে রূপগঞ্জ থানার কাঞ্চন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম জানান, দুপুর সাড়ে ১২টার দিকে এই তিন শিশু বাড়ির কাউকে কিছু না বলে গোসল করার জন্য শীতলক্ষ্যা নদীতে যায়। বেলা আড়াইটার সময়ও তারা বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে বেলা তিনটার দিকে এলাকাবাসী শীতলক্ষ্যা নদীর পাড়ে ওই শিশুদের পোশাক মাটিতে পড়ে থাকতে দেখেন। এরপর এলাকার নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। বিকেল সাড়ে পাঁচটার দিকে পর পর তিন শিশুর লাশ উদ্ধার করা হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন জানান, লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।