শীতলক্ষ্যায় নষ্ট হচ্ছে নোঙর করা শতাধিক জাহাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শীতলক্ষ্যা নদীতে নোঙর করে রাখা পুরোনো জাহাজ। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
শীতলক্ষ্যা নদীতে নোঙর করে রাখা পুরোনো জাহাজ। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

নারায়ণগঞ্জ শহরে শীতলক্ষ্যা নদীতে নোঙর করা শতাধিক পুরোনো জাহাজ, ফেরি ও ছোট-বড় নৌযান নষ্ট হচ্ছে। এতে নদীপথ সংকুচিত হয়ে পড়ছে। পরিবর্তিত হচ্ছে নদীর গতিপথ। নাব্যতার সংকটও দেখা দিচ্ছে। ব্যাঘাত ঘটছে অন্যান্য নৌযান চলাচলের।
নারায়ণগঞ্জের বাংলাঘাট, গোদনাইল, বন্দর নবীগঞ্জসহ বেশ কয়েকটি ঘাটে সারি সারি বাঁধা লাইটার কার্গো জাহাজ, ড্রেজার পরিদপ্তরের পন্টুন, ফেরিসহ ছোট-বড় বিভিন্ন নৌযান। শুধু বাংলাঘাটেই নোঙর করে আছে প্রায় ৪০টি লাইটার জাহাজ। ড্রেজার পরিদপ্তরের ঘাটে কয়েকটি ছোট নৌযান মাটিতে দেবেও গেছে। এ ছাড়া বাংলাঘাট ও এর আশপাশে বড় আকৃতির মালবাহী জাহাজ এমভি তিতাস, আত্রাইসহ বেশ কয়েকটি জাহাজ পানিতে ডুবে আছে।
স্থানীয় বাসিন্দা সোহরাব হোসেন বলেন, অনেক জাহাজ বছরের পর বছর ধরে ডুবে আছে। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটে। সর্বশেষ ২৫ আগস্ট শহরের হাজীগঞ্জ এম সার্কাস এলাকায় ৩৮টি গরুবাহী ট্রলার ডুবে থাকা একটি জাহাজের সঙ্গে থাক্কা লেগে ডুবে যায়।
নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, এসব জাহাজ ও নৌযান সরকারের কোটি কোটি টাকার সম্পদ। বাংলাদেশের অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) গাফিলতিতে এগুলো নষ্ট হচ্ছে। সরকার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। তিনি বলেন, এসব জাহাজ অকেজো ঘোষণার পরপরই যদি নিলাম ডাকা হতো, তাহলে চড়া দামে বিক্রি করা যেত।
চট্টগ্রামের স্ক্র্যাপ ব্যবসায়ী আরিফুল ইসলাম বলেন, বিআইডব্লিউটিসি পুরোনো জাহাজ বিক্রির জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে বেশ কয়েকবার দরপত্র আহ্বান করে। কিন্তু কয়েকজন ব্যবসায়ী নিলামে অংশ নিয়ে সর্বোচ্চ দরদাতা হয়েও জাহাজ নেননি। এমনকি জামানত জমা দিয়েও এমভি তুরাগ ও এমভি বিবি ২৬ নামের দুটি জাহাজ নেননি ব্যবসায়ীরা। কারণ বিআইডব্লিউটিসি বাজারদরের সঙ্গে সংগতি না রেখে নিলাম ডাকায় বড় অঙ্কের লোকসানের আশঙ্কায় পরে যান ব্যবসায়ীরা।
পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) নারায়ণগঞ্জের সভাপতি এ বি সিদ্দিক বলেন, দীর্ঘদিন এসব জাহাজ নদীর অর্ধেক অংশ দখল করে রাখায় নদীর গতিপথ পরিবর্তিত হচ্ছে। নাব্যতার সংকট দেখা দিয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্ম পরিচালক আরিফ উদ্দিন বলেন, এসব জাহাজ দ্রুত নদী থেকে সরিয়ে নেওয়ার জন্য বিআইডব্লিউটিসি ও ড্রেজার পরিদপ্তরকে বারবার তাগাদা দেওয়া হচ্ছে, কিন্তু লাভ হচ্ছে না।
এ বিষয়ে কথা বলতে বিআইডব্লিউটিসির চেয়ারম্যান এম মোজাম্মেল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তা সম্ভব হয়নি। নারায়ণগঞ্জ মেরিন আঞ্চলিক কার্যালয়ের সহ-মহাব্যবস্থাপক মো. কামরুজ্জামান বলেন, এসব জাহাজ দেখভাল করে ঢাকার শিপ মেরিন কনস্ট্রাকশন। এগুলো বিক্রি করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদন লাগে। আঞ্চলিক কার্যালয়ের কোনো এখতিয়ার নেই।