শীতলক্ষ্যায় নৌকাডুবিতে নিহতের সংখ্যা দাঁড়াল ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় গত শুক্রবার সন্ধ্যায় নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা পাঁচজনে দাঁড়িয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন নরসিংদীর শিবপুর উপজেলার পাড়াতলা এলাকার আবদুল হাই বাবুলের ছেলে আতিক হোসেন (২৫), মধ্যনগর এলাকার ননি খানের ছেলে তাজিম খান (১৪), আলীনগর এলাকার নুর মোহাম্মদের স্ত্রী কোহিনুর বেগম (২৫), তালাঝুলা গ্রামের তারা মিয়ার ছেলে মো. কাইয়ুম (১৭) ও লাখপুর গ্রামের হাসান আলীর ছেলে আনু মিয়া (৪০)। তাঁদের মধ্যে আতিক ও তাজিমের লাশ শুক্রবার সন্ধ্যায় এবং অন্য তিনজনের লাশ রাত একটার দিকে উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শীতলক্ষ্যা নদীর পশ্চিমপাড়ে গাজীপুরের কাপাসিয়া উপজেলার তারাগঞ্জ গ্রাম। ওপারে নরসিংদীর শিবপুর উপজেলার পাড়াতলা। ১৬ ডিসেম্বর থেকে তারাগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিজয় মেলা চলছিল। শুক্রবার ছিল মেলার শেষ দিন। এদিন রাতে কনসার্টের আয়োজন করা হয়। এতে নামকরা কয়েকজন শিল্পীর আসার কথা ছিল। অনুষ্ঠান দেখতে পাড়াতলা খেয়াঘাট থেকে শুক্রবার সন্ধ্যায় নৌকায় করে রওনা দেয় ২০-২৫ জন। নৌকাটি সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তারাগঞ্জ খেয়াঘাটের কাছাকাছি এসে ডুবে যায়।
পাড়াতলা গ্রামের বাসিন্দা গফুর মিয়াও ছিলেন ওই নৌকায়। তিনি বলেন, নৌকাটিতে ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী ছিল। এ কারণে নৌকাটি হঠাৎ দোল খেতে শুরু করে। একপর্যায়ে সেটি খেয়াঘাটের কাছাকাছি এসে ডুবে যায়।
ডুবে যাওয়া নৌকার বেশির ভাগ যাত্রী সাঁতরে পাড়ে চলে আসে। তবে কয়েকজন নিখোঁজ হয়। আশপাশের লোকজন তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজ শুরু করেন। তাঁরা রাত সাড়ে সাতটার দিকে দুটি লাশ উদ্ধার করেন। রাত সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় ঢাকা ও টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ডুবুরিদল। তারা রাত পৌনে একটার দিকে অন্য তিনজনের লাশ উদ্ধার করে।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক গতকাল শনিবার বিকেল পাঁচটার দিকে বলেন, এখন পর্যন্ত পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর জানামতে, আর কেউ নিখোঁজ নেই।