গাজীপুর-নরসিংদীর মধ্যবর্তী গাজীপুরের কাপাসিয়া উপজেলার ধাঁধারচর রক্ষার্থে শীতলক্ষ্যা নদীর বালু উত্তোলনের জন্য দেওয়া ইজারা বাতিলের জন্য গতকাল মঙ্গলবার কাপাসিয়া উপজেলা প্রশাসন সুপারিশ করেছে। এ ছাড়া গতকাল থেকে উপজেলা প্রশাসন বালু তোলা বন্ধ করে দিয়েছে।জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গাজীপুর জেলা প্রশাসনের কার্যালয়ের সভাকক্ষে গতকাল সকালে জেলা প্রশাসনের জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় কাপাসিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) মৌসুমি হাবিব জেলা প্রশাসকের কাছে লিখিত সুপারিশ করেন। সুপারিশে তিনি বলেন, ধাঁধারচরটি স্থানীয় কয়েকটি গ্রামের কৃষকদের চাষাবাদের স্থান। ইজারাদাররা বেপরোয়াভাবে বালু উত্তোলন করায় এলাকাবাসী ক্ষতিগ্রস্ত হচ্ছে, যার করণে বালু উত্তোলন বন্ধে ইজারা বাতিল করার জন্য সুপারিশ করেন তিনি। ধাঁধারচর রক্ষা কমিটির সাধারণ সম্পাদক পরাগ আহাম্মেদ জানান, আপাতত বন্ধ হলেও আবার যেকোনো মুহূর্তে বালু তোলা শুরু হতে পারে, তাই তাঁরা ইজারা বাতিলের দাবি জানান।কাপাসিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌসুমি হাবিব বলেন, বালু ইজারাদারদের কয়েকবার বালু উত্তোলন বন্ধ করে দেওয়া হয়েছিল। তার পরও তাঁরা প্রশাসনের আড়ালে বালু উত্তোলন করেন। গতকাল বালু উত্তোলনকারীদের ড্রেজার বন্ধ করে দেওয়া হয়েছে।গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল ইসলাম জানান, বালু তোলা বন্ধে ইজারা বাতিল করা হবে এবং তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।উল্লেখ্য, গাজীপুর-নরসিংদী জেলার সীমানায় শীতলক্ষ্যা নদীর ত্রিমোহনায় শত শত বছর আগে প্রাকৃতিকভাবে জেগে ওঠে ধাঁধারচর। একটি প্রভাবশালী মহল তথাকথিত ইজারার দোহাই দিয়ে প্রকাশ্য ড্রেজার লাগিয়ে চরের বালু নিয়ে যাচ্ছেন। ফলে বিলীন হয়ে যাচ্ছে ধাঁধারচর। কৃষকের শাক-সবজি, ফলের বাগান ভেঙে পড়ছে নদীতে। আইন ও নিয়মনীতির তোয়াক্কা না করে চর ও কৃষিজমি ধ্বংসের কর্মযজ্ঞ চালাচ্ছেন তাঁরা। স্থানীয় কৃষক ও এলাকাবাসী বারবার লিখিত অভিযোগ করলেও রহস্যজনক কারণে কর্তৃপক্ষ নীরব রয়েছে। এলাকাবাসী দীর্ঘদিন ধরে ধাঁধারচর থেকে বালু উত্তোলন বন্ধের দাবি জানিয়ে আসছে। একই সঙ্গে প্রশাসনের নজর কাড়তে নানা ধরনের প্রতিবাদী কর্মসূচি পালন করছে।