শীতলক্ষ্যায় বেড়েছে দূষণের পরিমাণ
সাম্প্রতিক সময়ে শীতলক্ষ্যা নদীর পানিতে দূষণের পরিমাণ আরও বেড়েছে। এ বছরের এপ্রিলে করা ওয়াসা ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দুটি গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
সরেজমিনে দেখা যায়, সিদ্ধিরগঞ্জ থেকে সৈয়দপুর পর্যন্ত নদীর পানির রং এখন কালো। ময়লার গন্ধে টেকা দায়। শিল্পকারখানা বিশেষ করে ডায়িং কারখানাগুলোর তরল বর্জ্যের কারণে কালো পানিতে ভেসে থাকে সাদা ফেনা।
ওয়াসা সূত্র জানায়, গত ১৬ এপ্রিল শীতলক্ষ্যার পানি পরীক্ষা করে দেখা গেছে, তাতে দ্রবীভূত হাইড্রোজেনের পরিমাণ ৭ দশমিক ২। ময়লা-বর্জ্যের পরিমাণ ছিল নদীর পানিতে ৫০ কণা। মাঝে মাঝে তা বেড়ে ৮০ থেকে ৯০ পর্যন্ত উঠে আসে। এদিকে, নারায়ণগঞ্জে বর্জ্য শোধনাগার নেই। ফলে মানুষের ব্যবহৃত পানি ও অন্য বর্জ্যও সরাসরি নদীতে পড়ছে।
গোদনাইলে নদীর তীরে স্থাপিত ওয়াসার পানি শোধনাগারের এক পাশে আছে একটি কেমিক্যাল তৈরির কারখানা। আরেক পাশে আছে একটি বৃহৎ রপ্তানিমুখী পোশাক কারখানার ডাইং ইউনিট। সেখানকার কর্মচারীরা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ইটিপি (বর্জ্য শোধনাগার) থাকলেও খরচ বাঁচাতে কারখানা কর্তৃপক্ষ তা সব সময় চালায় না। বিপুল পরিমাণে বিষাক্ত তরল বর্জ্য বড় ড্রেনের মাধ্যমে সরাসরি নদীতে ফেলা হচ্ছে।
পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের সিনিয়র কেমিস্ট মহিউদ্দিন মানিক বলেন, তরল বর্জ্য বের করে নারায়ণগঞ্জ এমন শিল্পকারখানা রয়েছে ৩৪৬টি। এর মধ্যে ইটিপি রয়েছে ১৯৬টিতে। ৪৪টি প্রতিষ্ঠানের ইটিপি নির্মাণাধীন। বাকিরা সরাসরি নদীতে বর্জ্য ফেলছে। ডিএনডির পানিনিষ্কাশন খাল দিয়েও শিল্পবর্জ্য সরাসরি নদীতে পড়ছে। তবে পরিবেশ অধিদপ্তরের পরিচালক আলমগীর হোসেন বলেন, ৮০ শতাংশ শিল্পকারখানায় ইটিপি থাকলেও রাতে তা বন্ধ রাখে।
বুয়েট এপ্রিলের প্রথম সপ্তাহে নদীর পানি নিয়ে গবেষণা করে। বুয়েটের অধ্যাপক ও পানিবিশেষজ্ঞ মো. মুজিবুর রহমান বলেন, শীতলক্ষ্যার প্রতি লিটার পানিতে অ্যামোনিয়ার সহনীয় মাত্রা ছিল ৫ মিলিগ্রাম। কিন্তু এখন তা প্রায় ২৫ মিলিগ্রাম। অ্যামোনিয়ার মাত্রা বেড়ে যাওয়ায় যে নাইট্রেট তৈরি হচ্ছে তা মানবদেহ, বিশেষ করে শিশুদের জন্য ক্ষতিকারক। তিনি অভিমত দেন, নদীর দূষণ কমাতে হলে মূল উৎসে নজর দিতে হবে।
নদীর এ দূষণের কারণে ভোগান্তিতে পড়েছেন শীতলক্ষ্যার তীরে বসবাসকারীরা। নারায়ণগঞ্জ নদীবন্দরের পাশেই গড়ে উঠেছে ১৫ তলা আবাসিক ভবন আল জয়নাল প্লাজা। সেখানকার বাসিন্দা ব্যবসায়ী অমিতাভ চক্রবর্তী জানান, নদীর পানি পুরোপুরি কালো রঙের হয়ে গেছে। পানি থেকে বিশ্রী দুর্গন্ধ ভেসে আসে।
জেলা প্রশাসক আনিছুর রহমান মিয়া বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের নেতৃত্বে একটি কমিটি প্রতি তিন মাস পরপর জেলায় পরিবেশদূষণের বিষয়টি তদারকি করে। যেসব শিল্পকারখানার তরল বর্জ্য শীতলক্ষ্যা নদীকে দূষিত করছে, তাদের চিহ্নিত করা হয়েছে। যেসব ড্রেন ও খাল দিয়ে এসব তরল বর্জ্য সরাসরি নদীতে পড়ছে তা-ও চিহ্নিত। এসব জায়গায় সরকারিভাবে ইটিপি স্থাপনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।