শীতলক্ষ্যায় লঞ্চডুবির ঘটনায় আরও তিন জনের লাশ উদ্ধার
শীতলক্ষ্যা নদীতে লঞ্চডুবির ঘটনায় গতকাল শুক্রবার দুটি শিশুসহ আরও তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ১২ জনের লাশ উদ্ধার করা হলো।গতকাল নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকার রতনচন্দ্র ঘোষ (৫৫), চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পূর্ব লালপুর গ্রামের রুমান সরকারের ছেলে রাহিম (১) ও অজ্ঞাতপরিচয় একটি শিশুর (৮) লাশ উদ্ধার করা হয়। লঞ্চডুবির ঘটনায় রুমান সরকারও (২৮) মারা যান।বন্দর থানার পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, দুপুরে বন্দর উপজেলার শান্তিনগরের কাছে শীতলক্ষ্যা নদীতে ভেসে উঠলে লাশ তিনটি উদ্ধার করা হয়। দুটি লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, নিখোঁজের সন্ধানে নদীতে তল্লাশি চলছে।উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যায় মুন্সিগঞ্জের চর মোক্তারপুরে শীতলক্ষ্যা নদীতে জ্বালানি তেলবাহী একটি ট্যাংকার পেছন থেকে মদিনার আলো নামের একটি যাত্রীবাহী লঞ্চকে ধাক্কা দিলে সেটি ডুবে যায়।