শীতলক্ষ্যায় সেতুর কাছে ড্রেজারে বালি উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাপাসিয়ার শীতলক্ষ্যা নদীর ওপর নির্মিত ফকির মজনু শাহ সেতুর কাছ থেকে ড্রেজার দিয়ে বালু তুলে নিচ্ছে একটি মহল। প্রশাসনের পক্ষ থেকে ড্রেজার সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এলাকার কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৯৭ সালের ৯ মে কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদীর ওপর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। সেতুটি ৩৯০ দশমিক ৯১ মিটার দৈর্ঘ্য ও ১০ মিটার প্রস্থের। ২০০৫ সালের ৩ আগস্ট সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। সেতুটির মাধ্যমে ঢাকা-কাপাসিয়া-টোক-মঠখোলা-ইটাখোলা-কিশোরগঞ্জ তথা বৃহত্তর সিলেটের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ফকির মজনু শাহ সেতুর কাছে বেশ কিছু দিন ধরে উপজেলার রাউদকোনা এলাকার বাবলু মিয়া ও নোমান হোসেন নামের দুই ব্যক্তি ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছেন। এর কারণে সেতুর পিলারের নিচের অংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এ ব্যাপারে কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাকছুদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ৩১ মার্চ তিনি শীতলক্ষ্যা নদী পরিদর্শনে যান। এ সময় সেতুর কাছে বাবলু মিয়া ও নোমান হোসেন নামের দুই ব্যবসায়ীকে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করতে দেখা যায়। তাদের ড্রেজার সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়। তারা বালু তোলা বন্ধ না করলে দুই-এক দিনের মধ্যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো হবে।

এ ব্যাপারে কথা বলতে বালু ব্যবসায়ী বাবলু ও নোমান মিয়ার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাঁরা ফোন ধরেননি।