শীতলক্ষ্যায় ৫ প্রতিষ্ঠানের জেটি অপসারণে বাধা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীতলক্ষ্যা নদীর অভ্যন্তরে জেটি সরাতে দেওয়া রায়ের পুনর্বিবেচনা চেয়ে পৃথক পাঁচটি প্রতিষ্ঠানের করা আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে নদীর অভ্যন্তরে জেটি অপসারণে বাধা থাকল না।

আজ সোমবার বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।

ওই পাঁচটি প্রতিষ্ঠান হলো সিটি গ্রুপ, কামাল ভেজিটেবল, মোল্লা সল্ট, হাইডেলবার্গ সিমেন্ট ও সিমেক্স সিমেন্ট।


আদালতে পাঁচ আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী মাহমুদুল ইসলাম ও সৈয়দ আমিরুল ইসলাম। মূল রিটের পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ। পরে মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, রিভিউ আবেদন খারিজের ফলে নদীর অভ্যন্তরে পাঁচ প্রতিষ্ঠানের জেটি অপসারণে বাধা নেই।


চার নদী রক্ষায় পাঁচ প্রতিষ্ঠানের বিরুদ্ধে হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশের করা রিটের পরিপ্রেক্ষিতে ২০০৯ সালের ২৬ জুন হাইকোর্ট রায় দেন। রায়ের পর শীতলক্ষ্যা নদীর অভ্যন্তরে নির্মাণ করা জেটি অপসারণের জন্য জেলা প্রশাসন ওই পাঁচ প্রতিষ্ঠানকে উচ্ছেদের নোটিশ দেয়। ওই নোটিশের বিরুদ্ধে পাঁচ প্রতিষ্ঠান হাইকোর্টে আবেদন করলে পরের বছর ২১ মার্চ তা খারিজ হয়। এ আদেশের বিরুদ্ধে পাঁচ প্রতিষ্ঠান আপিল বিভাগে আপিল করলে ওই বছরেরই ৩ মে তা খারিজ হয়।
এ আদেশের বিরুদ্ধে পাঁচ প্রতিষ্ঠান পুনর্বিবেচনার আবেদন করে। আদালত তা খারিজ করে আজ এ আদেশ দেন।