শীতলীকরণ কেন্দ্রে ত্রুটি, খামারিরা লোকসানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ে মিল্ক ভিটার তত্ত্বাবধানে দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রে কারিগরি জটিলতা দেখা দেওয়ায় প্রতিদিন খামারিদের কয়েক শ লিটার দুধ নষ্ট হচ্ছে বলে জানা গেছে। এতে জেলার ২৫টি দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির অধীনে কয়েক শ খামারি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
স্থানীয় খামারিরা জানান, পঞ্চগড়ে দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র স্থাপনের পর প্রতিদিন প্রায় দুই হাজার লিটার দুধ সরবরাহ করা হচ্ছে।
৩ সেপ্টেম্বর কেন্দ্রের দুগ্ধ শীতলীকরণ যন্ত্রে কারিগরি ত্রুটি দেখা দিলে কর্তৃপক্ষ খামারিদের কাছ থেকে দুধ সংগ্রহ বন্ধ রাখে। এক সপ্তাহ ধরে যন্ত্রের ত্রুটি মেরামত করতে না পারায় স্থানীয় বাজারে দুধের দামও কমে গেছে। সময়মতো দুধ বিক্রি করতে না পেরে অনেক খামারির দুধ নষ্ট হয়ে যাচ্ছে।
খামারি আবুল হোসেন জানান, এক সপ্তাহে খামারিদের পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। পাশাপাশি গাভির খাবার কিনে দুধ বিক্রি করতে না পারায় খামারিরা বিশাল অঙ্কের লোকসানে পড়েছেন।
পঞ্চগড় দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম রাশেদ বলেন, শীতলীকরণ যন্ত্রে ত্রুটির কারণে ৩ সেপ্টেম্বর থেকে দুধ সংরক্ষণ করা যাচ্ছে না। দু-একদিনের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।