শীতাতপ নিয়ন্ত্রক ঠিক হয় না এমআরআই যন্ত্রও চলে না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের একমাত্র এমআরআই যন্ত্রটি প্রায় দেড় মাস ধরে বন্ধ হয়ে আছে। শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থা বিকল থাকার কারণে প্রায় দুই কোটি টাকা দামের এই প্রয়োজনীয় যন্ত্রটি চালানো যাচ্ছে না বলে জানা গেছে। অথচ ২৪ ঘণ্টার মধ্যে ওই শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থা সচল করা সম্ভব বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।এমআরআই যন্ত্র সরবরাহকারী প্রতিষ্ঠান হিটাচির আঞ্চলিক ব্যবস্থাপক সমীর মজুমদার বলেন, ‘২৪ ঘণ্টার মধ্যে আমরা এ ধরনের ত্রুটি সারাতে পারি। তবে সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে খরচের হিসাব-নিকাশ নিষ্পত্তির নানা নিয়ম-কানুনের কারণে সময় বেশি লাগতে পারে।’বিশেষজ্ঞ চিকিৎসকেরা জানান, ক্যানসার, স্ট্রোক, মস্তিষ্কের রোগ, ঘাড়ের ও কোমরের ব্যথাসহ বিভিন্ন জটিল রোগ নির্ণয়ে এমআরআই যন্ত্র ব্যবহার করা হয়। যেখানে এক্স-রে, আলট্রাসনোগ্রাফি, সিটিস্ক্যানে রোগ ধরা পড়ে না, সেখানে এমআরআইয়ের মাধ্যমে নিশ্চিতভাবে রোগ নিরূপণ করা যায়।হাসপাতাল সূত্র জানায়, প্রায় চার বছর আগে রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগে অত্যাধুনিক এমআরআই যন্ত্রটি বসানো হয়। সরকারি এই হাসপাতাল ছাড়া নগরের দুটি বেসরকারি ক্লিনিকে এমআরআই যন্ত্র আছে। অভিযোগ রয়েছে, ওই দুটি বেসরকারি ক্লিনিকের এমআরআই যন্ত্র ব্যবহারের সুবিধা পাইয়ে দিতে কৌশলে এখানকার যন্ত্রটি অকেজো করে রাখা হয়েছে। এতে হাসপাতালের কয়েকজন চিকিৎসকও জড়িত। রেডিওলজি বিভাগের প্রধান আনিসুল মাওলা অবশ্য দাবি করেন, ‘প্রশাসনিক জটিলতার কারণে শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থা মেরামতে দেরি হচ্ছে। কয়েক দিনের মধ্যে কাজ শেষ হবে।’ হাসপাতালের উপপরিচালক মঈন উদ্দিন বলেন, ‘আমরা সঠিক সময় এমআরআই যন্ত্র সরবরাহকারী প্রতিষ্ঠানসহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে বিষয়টি জানিয়েছি। কয়েক দিনের মধ্যে এটি ঠিক হয়ে যাবে।’জানা গেছে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এমআরআই করতে খরচ পড়ে তিন হাজার টাকা। আর বেসরকারি হাসপাতালে খরচ হয় ৮-১৫ হাজার টাকা। হাসপাতাল সূত্র জানায়, এমআরআই যন্ত্র সচল রাখতে সার্বক্ষণিক শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থা চালু রাখতে হয়। গত আগস্টের প্রথম দিকে হঠাৎ শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থা বিকল হয়ে পড়লে এমআরআই বন্ধ করা হয়। এ নিয়ে রোগীরা ক্ষুব্ধ। কারণ কয়েক গুণ বেশি টাকা খরচ করে বেসরকারি ক্লিনিকে এমআরআই করার সামর্থ্য অনেক রোগীর নেই।সম্প্রতি হাসপাতালে রেডিও থেরাপি বিভাগে কথা হয় মো. সানি, আশরাফুল আলম, আনোয়ার হোসেনসহ কয়েকজন রোগীর সঙ্গে। তাঁরা বলেন, ‘আমরা প্রায় প্রতিদিনই হাসপাতালের এমআরআই যন্ত্রের খবর নিচ্ছি। বাইরের ক্লিনিকে গিয়ে এমআরআই করানোর সামর্থ্য আমাদের নেই।’