শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রে বিস্ফোরণ, ১৪ জন দগ্ধ
রাজধানীর গুলশান থানা এলাকার নর্দায় গতকাল সোমবার সন্ধ্যায় একটি সেলুনের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের বিস্ফোরণে সেলুনটির কর্মীসহ ১৪ জন দগ্ধ হয়েছেন।
দগ্ধ ব্যক্তিদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। তাঁরা হলেন খন্দকার জান্নাতুল ফেরদৌস (৩৫), মো. হালিম (২৮), জুলহাস (৩৫), রুবেল (১৮) ও সেলিম (২৬)। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের সহকারী কমিশনার (এসি) রফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র থেকে বিস্ফোরণটি ঘটেছে।
সেলুনের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের গ্যাসের কম্প্রেসর অংশে ত্রুটি ছিল। সন্ধ্যা সোয়া ছয়টার দিকে কেউ একজন যন্ত্রটির পাশে আগরবাতি জ্বালাতে যান। এ সময় যন্ত্রটি বিস্ফোরিত হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক বলেছেন, দগ্ধ ব্যক্তিদের মধ্যে হালিমের শরীরের ৩৫ শতাংশ, জান্নাতুল ফেরদৌস ও রুবেলের শরীরের ২০ শতাংশ, জুলহাসের শরীরের ১২ শতাংশ ও সেলিমের শরীরের ৯ শতাংশ পুড়ে গেছে।