শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থা বিকল মেয়াদ উত্তীর্ণ যন্ত্রই ভরসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের স্টুডিওর শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থা ছয় দিন ধরে বিকল রয়েছে। এতে বেতারে অনুষ্ঠান ধারণ, সম্প্রচারকাজে নিয়োজিত কলাকুশলী ও শিল্পীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার সকালে শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র বিকল হয়ে পড়ে। মেয়াদ উত্তীর্ণ দুটি শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্রই এখানে ভরসা। ফলে যখন-তখন এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। স্টুডিওতে শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থা চালু না থাকায় প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে পড়ছেন ভেতরে কর্মরত বেতারের ঘোষক-কলাকুশলীরা। এ ছাড়া বিভিন্ন অনুষ্ঠান ধারণের (রেকর্ডিং) জন্য আসা শিল্পী, অতিথি, সংবাদ পাঠকেরাও অস্বস্তিতে রয়েছেন। তাছাড়া বেতারের টেপ লাইব্রেরির টেপ সংরক্ষণের জন্যও শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু থাকা প্রয়োজন। এসব সমস্যার কথা স্বীকার করে চট্টগ্রাম বেতারের আঞ্চলিক পরিচালক সৈয়দা শাম্মী আরা চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমরা এ বিষয়ে স্থানীয় প্রকৌশল বিভাগ ও ঢাকা কেন্দ্রীয় কার্যালয়ে জানিয়েছি।’গতকাল মঙ্গলবার দুপুরে নগরের আগ্রাবাদে অবস্থিত চট্টগ্রাম বেতার ভবনে গিয়ে দেখা যায়, স্টুডিওতে ঢোকার মূল দরজাটি খোলা রাখা হয়েছে। স্টুডিও নিয়ন্ত্রণকক্ষে (কন্ট্রোল প্যানেল) টেবিল ফ্যান চলছে। এ ছাড়া ভেতরের অন্যান্য স্টুডিওর দরজাও খোলা রাখা হয়েছে।বেতারের বাংলা সংবাদ পাঠক জামিল আহমেদ চৌধুরী বলেন, ‘এসি চালু না থাকায় স্টুডিওর ভেতরে আমাদের গরমে সেদ্ধ হয়ে যেতে হচ্ছে। আর এ ধরনের সমস্যা তো প্রায়ই হচ্ছে।’জানা গেছে, স্টুডিওর শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থা তদারকের দায়িত্ব বেতারের প্রকৌশল বিভাগের। এখানে ১২ ও আট টন ওজনের দুটি শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র রয়েছে। এগুলোতে তিনটি মোটর রয়েছে। এর মধ্যে দুটি কুলিং ও একটি ব্লোয়ার ফ্যান রয়েছে। প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, ২০ বছরের বেশি সময়ের পুরোনো শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র দুটির মেয়াদ পাঁচ বছর আগেই শেষ হয়ে গেছে। এর পরও কোনো রকম জোড়াতালি দিয়ে চালানো হচ্ছে। মেরামত করতেও প্রকৌশল শাখাকেও হিমশিম খেতে হচ্ছে। কারণ, প্রায় ১০ মাস পেরিয়ে গেলেও বাজেটে রক্ষণাবেক্ষণ খরচের টাকা এখনো অর্থ মন্ত্রণালয় থেকে ছাড় পায়নি। ফলে অন্যান্য খাত থেকে এর খরচ মেটানোর চেষ্টা করা হচ্ছে। বড় অঙ্কের কোনো খরচ করা যাচ্ছে না। তাই মাঝেমধ্যে অনেক দিন গড়িয়ে যায় মেরামত করতে। শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র মেরামতকারীর টাকাও পাওনা রয়েছে। সে কারণে তাকে ডেকে পাঠানো হলেও আসতে চাননা। এসব সমস্যার কথা স্বীকার করে বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের উপ-আঞ্চলিক প্রকৌশলী সুব্রত কুমার দাশ প্রথম আলোকে বলেন, ‘আমরা আজ-কালের মধ্যে শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থার ত্রুটি সারিয়ে ফেলতে পারব আশা করছি। আমরা বেতারের নতুন মহাপরিকল্পনায় (মাস্টার প্ল্যান) একটি নতুন এসি প্ল্যান্ট চেয়েছি।’জানা গেছে, বাজেটে চট্টগ্রাম বেতারের সার্বিক রক্ষণাবেক্ষণের খরচও তুলনামূলকভাবে কম। চট্টগ্রাম কেন্দ্রের জন্য এক লাখ ৯০ হাজার টাকা। অথচ এর চেয়ে ছোট কেন্দ্র কুমিল্লা ও রাঙামাটি কেন্দ্রের জন্য বরাদ্দ ধরা হয়েছে আড়াই লাখ টাকা করে।