চট্টগ্রাম নগর এলাকায় আজ শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে প্রিমিয়ার ট্রান্সপোর্ট সার্ভিস (প্রা.) লিমিটেড কোম্পানির শীতাতপ নিয়ন্ত্রিত যাত্রীবাহী বাস। আজ বিকেলে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন হোটেল আগ্রাবাদের সামনে এর উদ্বোধন করবেন।
গতকাল শুক্রবার বিকেলে চিটাগাং ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক গোলাম রসুল, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাহেদ নঈম, বিপণন বিভাগের প্রধান তৌহিদুল করিম।
সংবাদ সম্মেলনে গোলাম রসুল বলেন, শুরুতে ৩৫ আসনের ২০টি বাস দিয়ে যাত্রী পরিবহন শুরু হবে। বাসে ক্লোজড সার্কিট টেলিভিশন (সিসিটিভি) ক্যামেরা থাকবে। থাকবে ওয়াইফাই সুবিধা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নগরের কাপ্তাই রাস্তার মাথা থেকে পতেঙ্গা সমুদ্রসৈকত পর্যন্ত ৩৩ কিলোমিটার দূরত্বের ভাড়া ৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে ওঠানামা এবং তিন কিলোমিটার পর্যন্ত একজন যাত্রীকে ২০ টাকা ভাড়া দিতে হবে। যাত্রীরা গাড়িতে উঠে ভাড়া পরিশোধ করবেন।
গোলাম রসুল বলেন, নিউমার্কেট থেকে ভাটিয়ারি পর্যন্ত নতুন আরেকটি রুটে ৩০টি শীতাতপ নিয়ন্ত্রিত বাস নামানোর বিষয়টি প্রক্রিয়াধীন।