শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের বিস্ফোরণে দগ্ধ ১৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশানের নর্দা এলাকায় আজ সোমবার সন্ধ্যায় একটি সেলনের শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সেলনটির কর্মীসহ ১৪ জন দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। তাঁরা হলেন খন্দকার জান্নাতুল ফেরদৌস (৩৫), মো. হালিম (২৮), জুলহাস (৩৫), রুবেল (১৮) ও সেলিম (২৬)। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের সহকারী কমিশনার (এসি) রফিকুল ইসলাম বলেন, দগ্ধ ব্যক্তিদের শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র থেকে বিস্ফোরণটি ঘটেছে। তিনি আরও বলেন, সেলনের শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের গ্যাসের কম্প্রেসর অংশে ত্রুটি ছিল। সন্ধ্যা সোয়া ছয়টার দিকে কেউ একজন যন্ত্রটির পাশে আগরবাতি জ্বালাতে যায়। এ সময় যন্ত্রটি বিস্ফোরিত হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক বলেন, দগ্ধ ব্যক্তিদের মধ্যে হালিমের শরীরের ৩৫ শতাংশ; জান্নাতুল ফেরদৌস ও রুবেলের ২০ শতাংশ; জুলহাসের ১২ শতাংশ ও সেলিমের শরীরের ৯ শতাংশ পুড়ে গেছে।