ছয়টি বিদ্যুৎ প্রকল্প উদ্বোধনকালে প্রধানমন্ত্রী
শীতাতপনিয়ন্ত্রিত কক্ষে বসে তাঁরা গরমের কষ্ট ভুলে গেছেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কুইক ও রেন্টাল বিদ্যুৎ নিয়ে সরকারের কর্মপরিকল্পনা সম্পর্কে টক শোতে একশ্রেণির অংশগ্রহণকারীর সমালোচনা অনাকাঙ্ক্ষিত। তাঁরা এখন শীতাতপনিয়ন্ত্রিত কক্ষে (এয়ারকন্ডিশনড রুম) বসে অতীতে গরমের ভোগান্তির কথা ভুলে গেছেন। খবর বাসস ও ইউএনবির।
গতকাল রোববার বিকেলে গণভবন থেকে দেশের বিভিন্ন স্থানের সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের সঙ্গে ভিডিও কনফারেন্সের সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এই কনফারেন্সের মাধ্যমে বিদ্যুৎ খাতের ছয়টি প্রকল্প উদ্বোধন করেন তিনি। একই সময় তিনি জানান, মুন্সিগঞ্জেই বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ করা হবে।
প্রধানমন্ত্রী বলেন, গত ছয় বছরে বিদ্যুৎ উৎপাদন ৩ হাজার ২০০ মেগাওয়াট থেকে ১৩ হাজার মেগাওয়াটে বৃদ্ধি পেয়েছে। ফলে এখন দেশের ৭০ ভাগ মানুষ বিদ্যুৎ পাচ্ছে। এটি সম্ভব হয়েছে বর্তমান সরকারের দ্রুত ও বাস্তবমুখী পদক্ষেপের কারণে।
প্রধানমন্ত্রী বলেন, ‘অনেকে অনেক কিছু বলতে পারে। কিন্তু দেশবাসী এমনকি রাজধানীর জনগণকে বিদ্যুৎ-সংকটের ভোগান্তি থেকে রেহাই দিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া এবং তা কার্যকর করা খুবই কঠিন কাজ।’
ভিডিও কনফারেন্সে যেসব প্রকল্প উদ্বোধন করা হয় তা হলো, নাটোর ৫২ দশমিক ২০ মেগাওয়াট ফার্নেস অয়েলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, গগননগর (নারায়ণগঞ্জ) ১০২ মেগাওয়াট ফার্নেস অয়েলভিত্তিক আইপিপি বিদ্যুৎকেন্দ্র, ঘোড়াশাল (নরসিংদী) ১০৮ মেগাওয়াট গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, কাটপট্টি (মুন্সিগঞ্জ) ৫২ দশমিক ৫০ মেগাওয়াট ফার্নেস অয়েলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, মেঘনা ঘাট থেকে আমিনবাজার পর্যন্ত ৪০০ কেভি ট্রান্সমিশন লাইন ও লালবাগ ১৩২/৩৩/১১ কেভি সাবস্টেশন।
শেখ হাসিনা বলেন, বিএনপি ও তত্ত্বাবধায়ক সরকারের সময় বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৩ হাজার মেগাওয়াটে নেমে যাওয়ার কারণে দেশে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের অগ্রগতির কথা উল্লেখ করে তিনি বলেন, বিদ্যুৎ খাতে আঞ্চলিক সহযোগিতার নজির স্থাপন করে ভারত থেকে ৫০০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ কেনার পদক্ষেপ নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ থেকে আরও ৫০০ মেগাওয়াট এবং আগরতলা থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ কেনা হবে।
ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ও বিদ্যুৎ-সচিব মনোয়ার ইসলামও বক্তৃতা করেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধু বিমানবন্দর মুন্সিগঞ্জে: ভিডিও কনফারেন্সে মুন্সিগঞ্জের সাংসদ মৃণাল কান্তি দাস ও জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ এ জেলায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানান প্রধানমন্ত্রীকে। তবে তিনি তা নাকচ করে বলেন, এটা পদ্মার অপর প্রান্তেই হবে।
নবম সাধারণ নির্বাচন অনুষ্ঠানের পর আওয়ামী লীগ সরকার ওই নামে একটি বিমানবন্দর মুন্সিগঞ্জের আড়িয়ল বিলে প্রতিষ্ঠার পরিকল্পনা নেয়। কিন্তু স্থানীয় জনগণের বাধার মুখে সে সিদ্ধান্ত থেকে সরে এসেছিল সরকার।