শীতার্ত দুই হাজার কম্বল, মাত্র ২৫টি
শীতে কাঁপছে পঞ্চগড়। রাতে বৃষ্টির মতো কুয়াশা পড়ছে। গতকাল সোমবার সারা দিন সূর্যের দেখা মেলেনি। হতদরিদ্র মানুষগুলোর শীত নিবারণের গরম কাপড় নেই। এ রকম একটি পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে জেলায় চাহিদার তুলনায় অনেক কম কম্বল বিতরণ করেছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নে শীতার্ত মানুষের সংখ্যা দুই হাজার। কিন্তু সেখানে সরকারের পক্ষ থেকে মাত্র ২৫টি কম্বল বিতরণ করা হয়েছে। এই অল্প পরিমাণ কম্বল বিতরণ করা নিয়ে রীতিমতো বিপাকে পড়েছেন ইউনিয়ন পরিষদের সদস্যরা।
ভজনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোস্তফা কামাল বলেন, এই ইউনিয়নে দরিদ্র শীতার্ত মানুষের সংখ্যা প্রায় দুই হাজার। শীতের কাপড় কেনার মতো সামর্থ্য তাদের নেই। অথচ সরকারিভাবে মাত্র ২৫টি কম্বল পাওয়া গেছে। ইউনিয়ন পরিষদে মোট ১৩ জন প্রতিনিধি রয়েছেন। প্রত্যেককে নিজ নিজ এলাকায় বিতরণের জন্য দুটি করে দিলে আমার ভাগে পড়ে মাত্র একটি। এই ২৫টি কম্বল কাকে ছেড়ে কাকে দেওয়া যায়। এদিকে তীব্র শীত পড়ায় দুস্থ লোকজন গরম কাপড় ও কম্বলের জন্য ইউপি কার্যালয়ে ভিড় করছে।
ইউপি সদস্য রিয়াজুল ইসলাম বলেন, আমার ওয়ার্ডে কমপক্ষে ৪০০ কম্বল প্রয়োজন। মাত্র দুটি কম্বল নিয়ে কী করব বুঝতে পারছি না। প্রতিদিনই লোকজন ভিড় করছে। তাদের কোনোভাবেই বিশ্বাস করানো যাচ্ছে না যে সরকারি বরাদ্দ নেই।
আরেক ইউপি সদস্য শামসুল হক সরকার জানান, তাঁর নির্বাচনী এলাকায় ৬০০ দরিদ্র মানুষ শীতে কষ্ট পাচ্ছে। শীতের কাপড় কেনার সামর্থ্য তাঁদের নেই। সরকার মাত্র দুটি কম্বল বরাদ্দ দিয়েছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার পাঁচ উপজেলা ও দুই পৌরসভার জন্য মাত্র এক হাজার ৮৮২টি কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে। ইতিমধ্যে ইউনিয়ন পর্যায়ে বরাদ্দ দেওয়া হয়েছে ২০-৪০টি করে কম্বল।
সরকারি হিসাব অনুযায়ী জেলায় ২৫ থেকে ৫০ বছরের বয়সী ১৬ হাজার পরিবার দুস্থ ও হতদরিদ্র। কিন্তু জনপ্রতিনিধিরা জানান, জেলায় ৫০ হাজার পরিবার দুস্থ ও হতদরিদ্র।
তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, ছয়টি ইউনিয়নের জন্য মাত্র ৩০০ কম্বল বরাদ্দ পাওয়া গেছে। যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। বিতরণের জন্য এগুলো ইউনিয়ন পর্যায়ে পাঠানো হয়েছে। আরও কম্বলের চাহিদা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, কম্বলসহ শীতবস্ত্র চেয়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালককে জরুরি বার্তা পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে দুই ট্রাক কম্বল পাওয়া গেছে। পঞ্চগড়ের শীতার্ত মানুষের সহায়তা করার জন্য দেশের বিত্তবানদের এগিয়ে আসতে হবে।