শীতার্ত মানুষের পাশে সিটিব্যাংক এনএ

তীব্র শীতে দুর্ভোগের শিকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সিটিব্যাংক-এনএ বাংলাদেশ। শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণের জন্য প্রথম আলো ট্রাস্টকে এক হাজার কম্বল দিয়েছে প্রতিষ্ঠানটি। গতকাল সোমবার প্রথম আলো কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কম্বল হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে সিটিব্যাংক-এনএর ব্যবস্থাপনা পরিচালক ও সিটি কান্ট্রি অফিসার খন্দকার রাশেদ মাকসুদ বলেন, প্রথম আলোর মাধ্যমে খুব দ্রুত শীতার্ত মানুষের কাছে এ কম্বল পৌঁছে যাবে।
অনুষ্ঠানে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ট্রাস্টের পক্ষে কম্বল গ্রহণ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের করপোরেট অ্যাফেয়ার্স সহকারী ব্যবস্থাপক নওরীন ইসলাম, প্রথম আলো ট্রাস্টের প্রধান পরিচালন কর্মকর্তা আজিজা আহমেদ ।
কম্বলগুলো ঠাকুরগাঁও, পঞ্চগড়, চুয়াডাঙা, শেরপুর ও রাজশাহীর শীতার্ত মানুষের মধ্যে পৌঁছে দেওয়া হবে।