শীতার্ত মানুষের পাশে সিটিব্যাংক এনএ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শীতার্তদের মাঝে বিতরণের জন্য প্রথম আলো ট্রাস্টকে এক হাজার কম্বল দিয়েছে সিটিব্যাংক এনএ বাংলাদেশ। গতকাল সোমবার প্রথম আলো কার্যালয়ে ব্যবস্থাপনা সম্পাদকের হাতে কম্বল তুলে দেন সিটিব্যাংক এনএর ব্যবস্থাপনা পরিচালক ও সিটি কান্ট্রি অফিসার খন্দকার রাশেদ মাকসুদ। এ সময় ব্যাংকের করপোরেট অ্যাফেয়ার্স সহকারী ব্যবস্থাপক নওরীন ইসলাম উপস্থিত ছিলেন l প্রথম আলো
শীতার্তদের মাঝে বিতরণের জন্য প্রথম আলো ট্রাস্টকে এক হাজার কম্বল দিয়েছে সিটিব্যাংক এনএ বাংলাদেশ। গতকাল সোমবার প্রথম আলো কার্যালয়ে ব্যবস্থাপনা সম্পাদকের হাতে কম্বল তুলে দেন সিটিব্যাংক এনএর ব্যবস্থাপনা পরিচালক ও সিটি কান্ট্রি অফিসার খন্দকার রাশেদ মাকসুদ। এ সময় ব্যাংকের করপোরেট অ্যাফেয়ার্স সহকারী ব্যবস্থাপক নওরীন ইসলাম উপস্থিত ছিলেন l প্রথম আলো

তীব্র শীতে দুর্ভোগের শিকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সিটিব্যাংক এনএ। শীতার্ত মানুষের মধ্যে বিতরণের জন্য প্রথম আলো ট্রাস্টে এক হাজার কম্বল দিয়েছে প্রতিষ্ঠানটি। গতকাল সোমবার প্রথম আলোর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কম্বল হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে সিটিব্যাংক এনএর ব্যবস্থাপনা পরিচালক ও সিটি কান্ট্রি অফিসার খন্দকার রাশেদ মাকসুদ বলেন, প্রথম আলোর মাধ্যমে শীতার্ত মানুষের কাছে এ কম্বল পৌঁছে যাবে খুব দ্রুত। অনুষ্ঠানে প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ ট্রাস্টের পক্ষে কম্বল গ্রহণ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সিটিব্যাংকের করপোরেট অ্যাফেয়ার্স সহকারী ব্যবস্থাপক নওরীন ইসলাম, প্রথম আলো ট্রাস্টের কর্মসূচি ব্যবস্থাপক ফেরদৌস ফয়সাল ও কর্মসূচি কর্মকর্তা নাজিম উদ্দিন। কম্বলগুলো কুড়িগ্রাম, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, ভোলা, পঞ্চগড়, জয়পুরহাট, ঈশ্বরদী, নেত্রকোনা, জামালপুর ও রাজশাহীর শীতার্ত মানুষকে পৌঁছে দেওয়া হবে।
প্রথম আলোর পঞ্চগড় প্রতিনিধি জানান, সিটিব্যাংক এনএর দেওয়া ১০০ কম্বল গতকাল সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মালাদাম পৌর এলাকার মসজিদপাড়া, ডোকরোপাড়া ও কায়েতপাড়ার হতদরিদ্র ১০০ মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে।
সকাল নয়টায় মালাদাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রথমে ৪০ জনের মধ্যে কম্বল বিতরণ করা হয়। পরে পঞ্চগড় পৌর এলাকার কায়েতপাড়া, ডোকরোপাড়া ও মসজিদপাড়ায় অারও ৬০ দুস্থ ও শীতার্তকে কম্বল দেওয়া হয়। এর আগে প্রথম আলোর বন্ধুসভার সদস্যরা বাড়ি বাড়ি ঘুরে হতদরিদ্রদের তালিকা তৈরি করেন।
কম্বল পাওয়ার পর মালাদাম গ্রামের বৃদ্ধ আবদুল হক বলেন, ‘ঠান্ডায় কাবু হয়ে গেছি। চলাফেরা করতে পারি না। আজি তুমরাহ কম্বল দিলেন।’ লাঠিতে ভর দিয়ে কম্বল নিতে এসেছিলেন একই এলাকার সুপুন রানী। তিনি বলেন, ‘এই ঠান্ডা খানত মোর একখান মোটা কাপড় নাই। কিনিবাও পারু না। আইজ তুমরাহ দিলেন। আজি ভালো করে নিন্দাম।’
কম্বল বিতরণ অনুষ্ঠানে বন্ধুসভা পঞ্চগড় জেলা সভাপতি আরিফুর রহমান, সাধারণ সম্পাদক ওয়াকিউর রহমানসহ আসমা আক্তার, সুবর্ণা রানী প্রমুখ উপস্থিত ছিলেন।