শীতার্তদের পাশে প্রথম আলো এবার শীতে কাঁপতে হবে না সবুজকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এই সোয়েটার গায় দিয়া স্কুলে যাইতে পারমু। এহন আর শীতে কাঁপতে হইবে না।’ পটুয়াখালী শহরের নতুন বাজার প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র সবুজ নতুন সোয়েটার পেয়ে এভাবেই আনন্দ প্রকাশ করে। প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে এবং বন্ধুসভার সদস্যদের সহযোগিতায় গতকাল সোমবার এই শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ করা হয় জামালপুর, রাজশাহী ও খুলনাতেও। আমাদের নিজস্ব প্রতিবেদক, কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:পটুয়াখালী: জেলা শহরের স্বনির্ভর সড়ক এলাকায় প্রেসক্লাব ভবনের সামনে বিভিন্ন এলাকার তিন শতাধিক দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন বন্ধুসভার উপদেষ্টা ও নাট্যকার নির্মল কুমার দাসগুপ্ত, সাংবাদিক সোহরাব হোসেন, ফুটবলার বাদল হালদার, বন্ধুসভার রুহুল আমিন, মিজানুর রহমান ও প্রথম আলোর পটুয়াখালী প্রতিনিধি শংকর দাস।নতুন সোয়েটার পেয়ে গৃহপরিচারিকা শাহিদা বেগম (৪০) বললেন, ‘এইবার শীতে পোলাপাইনরে ভালো সোয়েটার কিইন্যা দিতে পারি নাই। আইজ এই সোয়েটার নিয়া পোলাডারে দিলে খুব খুশি হইবে। শীতেও আর কষ্ট পাইবে না।’জামালপুর: জামালপুরের সরিষাবাড়ীতে বেলা ১১টায় পৌরসভার ঈদগাহ মাঠে ৯০ জন দুস্থকে শীতবস্ত্র দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বন্ধুসভার এ কে সফিকুল আলম, ফজলুল হক খান, বাদশা ভূঁইয়া এবং প্রথম আলোর সরিষাবাড়ী প্রতিনিধি শফিকুল ইসলাম। শীতবস্ত্র পেয়ে শিমলা পল্লি এলাকার দুস্থ নারী সালেহা বেগম (৬০) বলেন, ‘শীতের কাপড় পাইয়া বালাই হইলো, শীতে এহন আর কষ্ট পাইতে হইব না।’ রাজশাহী: জেলার বাঘা উপজেলায় গত ২৮ জানুয়ারি শিশু একাডেমী চত্বরে ১০০ জন দুস্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। ওই অনুষ্ঠানে বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান শাহরিয়ার ফিরোজ, অধ্যক্ষ এনামুল হক, বাবুল ইসলাম, শিক্ষক আবদুল হালিম, বন্ধুসভার সুখী পান্ডে, আরিফুর রহমান, জুলফিকার আলী প্রমুখ উপস্থিত ছিলেন। গত রোববার ও গতকাল বন্ধুসভার সদস্যরা উপজেলার আরিফপুর, দেওয়ানপাড়া ও নওটিকা গ্রামে দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেন। তিন দিনে উপজেলায় ২০০ জন দুস্থকে কম্বল দেওয়া হয়।খুলনা: জেলার কয়রা উপজেলা সদরে ঘূর্ণিঝড় আইলা-দুর্গত শতাধিক দুস্থকে শীতবস্ত্র দেওয়া হয়েছে। শীতবস্ত্র পেয়ে ১ নম্বর কয়রা গ্রামের আজিমুদ্দীন শেখ (৮০) বলেন, আজ একখান কম্বল পেয়ে খুব খুশি হইছি। কম্বলখান গায় দিয়ে রাত্তিরে ঘুমুতি পারব।’ শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন কয়রা বন্ধুসভার আশরাফ হোসেন, সুজিত কুমার রায়, নূরুল ইসলাম, জেসিকি ইসলাম ও প্রথম আলোর কয়রা প্রতিনিধি জি এম মতিউর রহমান।