শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ
দিনাজপুরের নবাবগঞ্জে দুই হাজার শীতার্তকে কম্বল বিতরণ করেছে ইপিলিয়ন গ্রুপ।
গ্রুপের যুগ্ম মহাব্যবস্থাপক মো. রেজাউল কবির গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা চত্বরে ও শালদিঘি আশ্রয়ণ প্রকল্পের শীতার্তদের মধ্যে এসব কম্বল বিতরণ করেন।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বজলুর রশীদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নূরে আলম সিদ্দিকী, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মনিরুজ্জামান সরকার, নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম রুহুল আমিন প্রধান।
ইউএনও বজলুর রশীদ প্রথম আলোকে জানান, তিনি সম্প্রতি নবাবগঞ্জে যোগদান করে দেখতে পান যে উপজেলায় দুস্থ মানুষের সংখ্যা প্রচুর। সে তুলনায় বরাদ্দ কম আসায় প্রচণ্ড শীতে তাঁরা চরম ভোগান্তি পোহাচ্ছেন। বিষয়টি তিনি তাঁর বন্ধু রেজাউল কবিরকে জানালে এলাকার দুস্থদের জন্য ইপিলিয়ন গ্রুপ এগিয়ে আসে।
রেজাউল কবির প্রথম আলোকে জানান, উত্তরাঞ্চলে প্রচণ্ড শীতে দুস্থদের জন্য কিছু করতে পেরে তাঁরা গর্বিত। ভবিষ্যতে তাঁদের এ ধরনের কাজ অব্যাহত থাকবে।