শীতে-অনাহারে বেগুনবাড়ীর ক্ষতিগ্রস্তরা শুধুই কাঁদছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেগুনবাড়ীতে অগ্নিকাণ্ডে প্রায় তিন হাজার মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে। সব হারানো এসব মানুষ খোলা আকাশের নিচে না খেয়ে আছে। তীব্র শীত আর অনাহারে শুধুই কাঁদছে অসহায় ক্ষতিগ্রস্তরা। দমকল বাহিনীর কর্মীরা গত শুক্রবার রাত ১২টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়।গতকাল শনিবার দুপুরে ঘটনাস্থল বেগুনবাড়ী গিয়ে দেখা যায়, আশ্রয়হীন মানুষ ধ্বংসস্তূপের মধ্যেই তাদের মালপত্র খুেঁজ বেড়াচ্ছে। কেউ কেউ ছাইয়ের ওপর দাঁড়িয়ে হাহাকার করছে। শিশুরা কাঁদছিল। ক্ষতিগ্রস্তরা জানাল, আগুনে তারা শুধু আশ্রয়ই হারায়নি, পুড়ে ছাই হয়ে গেছে তাদের সারা জীবনের সঞ্চিত অর্থ ও মালপত্র। আগুন থেকে রক্ষা করতে পারেনি কিছুই। অবশ্য স্থানীয় আওয়ামী লীগের তরফ থেকে গতকাল দুপুরে ক্ষতিগ্রস্তদের জন্য দুই হাজার টাকা ও একটি করে কম্বল দেওয়া হলেও অধিকাংশের ভাগ্যে তা জোটেনি। অনেকে অভিযোগ করেছে, চেনা-জানা ছাড়া অন্য কেউ সাহায্য পাচ্ছে না।ক্ষতিগ্রস্ত শেফালি, রেবা, অঞ্জনা, চামেলি, মনির, আসমা, শাহেরা বেগম, জালাল ও নজরুলের মতো আরও অনেকে অভিযোগ করেছেন, সাহায্য হিসেবে তাঁরা কোনো টাকাপয়সা পাননি। সকালে রুটি ও কলা দেওয়া হলেও দুপুরে শিশুসন্তান নিয়ে না খেয়ে আছেন তাঁরা। তাঁদের সবারই দুশ্চিন্তা, শীতের এই রাতে শিশুসন্তান নিয়ে তাঁরা কোথায় থাকবেন, কী খাবেন। ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলার সময় সাহায্যের আশায় তাঁরা এ প্রতিবেদককে নাম তালিকাভুক্ত করতে ঘিরে ধরেন।অগ্নিকাণ্ডের পর শুক্রবার রাতে স্থানীয় আওয়ামী লীগ আশ্রয়হীনদের থাকার জন্য তেজগাঁও শিল্প এলাকার ইনস্টিটিউট অব গ্লাস অ্যান্ড সিরামিকসের হল রুম খুলে দেয়। গতকাল দুপুরে ইনস্টিটিউটের সামনে ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে ক্ষতিগ্রস্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।জেলা প্রশাসনের তেজগাঁও জোনের সার্কেল অফিসার (উন্নয়ন) নিরোধ চন্দ্র মণ্ডল প্রথম আলোকে বলেন, স্থানীয় সাংসদ ও আওয়ামী লীগের নেতারা এক হাজার ৬০০ জন ক্ষতিগ্রস্তকে সকালে শুকনো খাবার দিয়েছেন। আজ রোববার ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ২০ কেজি করে চাল দেওয়া হবে বলে তাঁরা জানান। ক্ষতিগ্রস্ত সবাইকে তালিকাভুক্ত করা হয়নি বলে মনোযোগ আকর্ষণ করলে প্রশাসনের ওই কর্মকর্তা বলেন, তাঁরা তো ক্ষতিগ্রস্ত সবাইকে চেনেন না।অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুস সালামকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহ প্রথম আলোকে বলেন, কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, গ্যাস পাইপের ফাটল থেকে আগুনের সূত্রপাত হয়েছে।তবে বেগুনবাড়ীর বাসিন্দা আবদুল মতিন অভিযোগ করেন, তাঁর এক তলা টিনের বাড়ি ও সালাউদ্দিনের চার তলা বাড়ির সামনে হাতিরঝিল প্রকল্পের সড়ক নির্মাণের সময় ইচ্ছাকৃতভাবে গ্যাসের পাইপ ফাটিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়।গত শুক্রবার অগ্নিকাণ্ডের সময় নিখোঁজ শিশুদের ফিরে পেয়েছেন বলে তাদের স্বজনেরা জানান। গতকাল দুপুরে পুড়ে যাওয়া টিন সরিয়ে নিতে দেখা যায়।গত শুক্রবার বিকেলে রাজধানীর তেজগাঁও শিল্প এলাকার দক্ষিণ বেগুনবাড়ীতে প্রায় আধাকিলোমিটার এলাকাজুড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে তিন শতাধিক টিনের ঘর ও আধাপাকা ঘর পুড়ে গেছে। পাশে থাকা চারটি ভবনও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় তিন শিশুসহ অর্ধশত মানুষ আহত হয়েছে।