শীতে ইলিশ, খুশি জেলেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলার দৌলতখান উপজেলার মাঝিরহাটে গত বুধবার প্রচুর ইলিশ উঠেছে l প্রথম আলো
ভোলার দৌলতখান উপজেলার মাঝিরহাটে গত বুধবার প্রচুর ইলিশ উঠেছে l প্রথম আলো

বর্ষায় হতাশ করলেও শীত মেঘনা-তেঁতুলিয়ার জেলেকে হতাশ করছে না। জালে বড় ইলিশ না পড়লেও মাঝারি আকারের ইলিশ ধরা পড়ছে। তাই বর্ষার মতো এখনো জমজমাট ভোলার শতাধিক মাছঘাট। গত এক সপ্তাহ ভোলার কয়েকটি উপজেলার মাছঘাট ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।
গত বুধবার ভোলার তজুমদ্দিন উপজেলার চৌমুহনী মাছঘাটে শতাধিক শ্রমিককে জাল তৈরির কাজে ব্যস্ত দেখা যায়। উপজেলার সোনাপুরের জেলে কাঞ্চন মাঝি (৩৪) হাসিমুখে বলেন, ‘সব পাল্টাইছে—মাইনষের চরিত্র, বান-তুয়ান, মাছের ওডানামা-আমরাও। নতুন জাল নামানের কাম করতাম জইষ্টো মাসে, হেই কাম করি এহোন। আল্লায় দিলে ছান্দিজালেও মাছ ওডে, হ্যার লাইগ্যা নতুন জাল নামাইতাছি।’
একই উপজেলার সুলুইজঘাটের মাঝি মো. সিরাজুল ইসলাম বলেন, তিনি সুতার বড় ফাঁকার জাল (ডুবা ও ভাসান ছান্দিজাল) ও ট্রলার নভেম্বরের শুরুতে তুলে রেখেছিলেন। ডিসেম্বরের শেষে ইলিশ পড়তে দেখে আবার নদীতে নেমেছেন। পুরো জানুয়ারি মাসে প্রত্যাশার চেয়ে বেশি মাছ পেয়েছেন বলে জানান তিনি।
ভোলা জেলা মৎস্য কার্যালয় সূত্র জানায়, নভেম্বরে ৯ হাজার ২২২ মেট্রিক টন, ডিসেম্বরে ৫ হাজার ৫২৬ মেট্রিক টন ও জানুয়ারিতে ১৮ হাজার ৫৫০ মেট্রিক টন মাছ ধরা পড়েছে। তবে ভোলার সাত উপজেলার ঘাটের জেলে ও আড়তদারেরা বলছেন, জেলেদের জালে জানুয়ারিতে ২০ হাজার মেট্রিক টন মাছ ধরা পড়েছে।
ভোলার বিভিন্ন উপজেলার মৎস্য কর্মকর্তা, জেলে ও আড়তদার বলেন, জালে ধরা পড়া মাছের বেশির ভাগ ইলিশ ৪০০-৫৫০ গ্রাম ওজনের। এক সপ্তাহ ধরে ভোলা সদর উপজেলার মাছঘাট চডারমাথা, বিশ্বরোড, তুলাতুলি, ভোলাখাল ঘাট; দৌলতখান উপজেলার পাতারখাল, চৌকিঘাটা, ভবানীপুর; তজুমদ্দিন উপজেলার সুলুইজঘাট, লালমোহনের বাত্তিরখাল ও চরফ্যাশনের সামরাজ ঘাট ঘুরে দেখা যায়, ইলিশের বাজার বর্ষার মতো জমজমাট।