শীতে এক দিনেই কাহিল কাপড়ের দাম দ্বিগুণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে গতকাল শনিবার সূর্যের দেখা মেলেনি। সারা দিন আকাশ ছিল মেঘাচ্ছন্ন। কনকনে হাওয়া। এক দিনেই মানুষজন কাহিল হয়ে পড়েছে। সেই সঙ্গে এই এক দিনের ব্যবধানেই শহরের পুরোনো গরম কাপড়ের দাম দ্বিগুণ হয়ে গেছে।
গতকাল বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত এক ঘণ্টায় শহরের সুরভি উদ্যানের সামনে দেখা যায়, পুরোনো গরম কাপড়ের দোকানে মানুষের ভিড়। মাফলার ও কানঢাকা টুপির কদর বেড়ে গেছে।
গরম কাপড় নিয়ে ফেরিওয়ালারা প্রধান সড়কসহ পাড়া-মহল্লায় ঘুরে বেড়িয়েছেন। রেলওয়ে স্টেশন এলাকায় কথা হয় এমনি এক ফেরিওয়ালা আবদুর রশিদের সঙ্গে। তিনি বলেন, এই কয় দিন দিনের বেলা রোদ থাকায় বিক্রি তেমন একটা ছিল না। আজই (শনিবার) বেশ বিক্রি হলো। শিশুদের মাফলার ও কানঢাকা টুপি বেশি বিক্রি হয়েছে।
শহরের সুরভি উদ্যানের সামনের একাধিক দোকানে ভিড় চোখে পড়েছে। দুই সন্তানকে মা-বাবা নিয়ে এসেছেন গরম কাপড় কিনতে। কিন্তু দামে মিলছে না। এ সময় শহরের ভগি বালাপাড়া এলাকার মোখলেছুর রহমান বলেন, শিশুদের কানঢাকা টুপির দাম দিন দুই আগেও ৩০ টাকা ছিল। আজ (গতকাল) ৬০ টাকার কমে পাওয়া যাচ্ছে না।
জলকর এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী নিয়ামত আলী বলেন, ‘বাচ্চার জন্য একটি মাফলার কিনতে এসে দাম বেশি দেখে কিনতে পারছি না। এক দিন আগে (শুক্রবার) যে মাফলারের দাম ছিল ৬০ টাকা। সেই মাফলার আজ (শনিবার) বিক্রি হচ্ছে ১০০ টাকারও ওপরে।’
ব্যবসায়ীরা জানালেন, এই কয়েক দিনের মধ্যে এই প্রথম দিনের বেলা প্রচণ্ড শীত অনুভূত হলো। আর তাই ক্রেতাদের ভিড় বেড়েছে। তবে দাম হঠাৎই বাড়ানোর অভিযোগ ঠিক নয়।
এদিকে ২০৩ বর্গকিলোমিটার আয়তনের নগর এলাকায় হতদরিদ্র পরিবারের অনেককেই গরম কাপড়ের জন্য শহরের বাড়ি বাড়ি ঘুরতে দেখা গেছে। ভিক্ষুকেরাও ভিক্ষার পাশাপাশি শীতের কাপড়ের আবদার করেছেন।
রংপুর আবহাওয়া কার্যালয় সূত্র জানিয়েছে, গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। তবে সূর্য দেখা না যাওয়ায় ও কনকনে বাতাস থাকায় শীত অনেক বেশি অনুভূত হয়েছে।