শীতে কষ্টে আছে চরের ৩০০ দরিদ্র পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শীতে শরীল ভাইঙ্গা-চুইর‌্যা নেয়, খোলা ময়দানে থাহি, দ্যাহার কেউ নাইকা।’ কয়েক দিন আগে পাবনার ঈশ্বরদী উপজেলার সাহেবনগর চরের বাসিন্দা ৭৫ বছর বয়সী জরিনা খাতুন এসব কথা জানান।তীব্র শীতে কেমন আছেন জানতে চাইলে জরিনা খাতুন এভাবে তাঁর প্রতিক্রিয়া জানান। একই চরের বাসিন্দা ৭০ বছর বয়সী শাহারা খাতুন বলেন, ‘কেউ আইস্যা একবার খোঁজও নেয় না, আমরা বাঁইচা আছি কি না।’শীতের গরম কাপড় না থাকায় জরিনা ও শাহারা খাতুনের মতো সাহেবনগর চরের ৩০০ পরিবারের অনেক সদস্য কষ্টে দিন কাটাচ্ছেন। ঈশ্বরদী আবহাওয়া কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবারও এ উপজেলায় তীব্র শীত পড়ে। ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে থাকে আকাশ। গতকাল এখানে তাপমাত্রা ছিল ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।স্থানীয় সূত্রে জানা গেছে, ঈশ্বরদী উপজেলা সদর থেকে ১৭-১৮ কিলোমিটার দূরে সাহেবনগর চর। চরটি সাঁড়া ইউনিয়নে। এই চরে যেতে নদী পার হতে হয়। সাহেবনগরে ৩০০ হতদরিদ্র পরিবার বাস করে। চরের জমিতে এবং শহরে বিভিন্ন ধরনের কাজ করে এসব পরিবারের লোকজন কষ্টে সংসার চালায়।চরবাসী জানায়, তীব্র শীতে তাদের দুর্বিষহ জীবন কাটলেও সরকারিভাবে এই চরে এখনো কেউ শীতবস্ত্র বিতরণ করতে আসেনি।সাঁড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জার্জিস হোসেন জানান, সাহেবনগর চর একটি বিচ্ছিন্ন দ্বীপের মতো। এই চরের মানুষ খুবই গরিব। কিন্তু এবারের শীতে এখানে কোনো শীতবস্ত্র বিতরণের জন্য কেউ এগিয়ে আসেনি।সাঁড়া ইউপির চেয়ারম্যান আরও জানান, সাত বছর আগে এ চরে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে তিনটি নলকূপ, ত্রাণসামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছিল।