শীতে কষ্টে আছে তারাগঞ্জের দুই গ্রামের মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় কাঁপছে রংপুরের তারাগঞ্জ উপজেলার জেলেপাড়া ও পাঁচানি গ্রামের দুই শতাধিক হতদরিদ্র মানুষ। গরম কাপড় না থাকায় কষ্ট পাচ্ছে তারা।
তারাগঞ্জ উপজেলা সদর থেকে ১৩ কিলোমিটার দূরে যমুনেশ্বরী নদীর তীরে জেলাপাড়া ও পাঁচানি গ্রাম। এসব গ্রামে ২৫৩টি পরিবারের প্রায় ৬০০ লোকের বাস। ১৯-২০টি পরিবার ছাড়া সবাই ভূমিহীন। শীতে এসব গরিব মানুষ সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে।
গতকাল রোববার সকালে জেলেপাড়া গিয়ে দেখা যায়, রাবেয়া খাতুন বাড়ির উঠানে খড়কুটায় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। রাবেয়া বলেন, ‘বাবা, খুব ঠান্ডা। ঘরোত জাম্পার ও কম্বোল নাই। ঠান্ডা বাতাস ঘরোত ঢুকোছে। ঠান্ডায় খুব কষ্ট হউছে।’ ওই গ্রামের রবিউল ইসলাম বলেন, ‘ঠান্ডায় আর বাঁইচপার পাইছি না। গরম কাপড়ের অভাবে কষ্টে আছি।’
পাঁচানি গ্রামের বিধবা মমেনা খাতুন বলেন, ‘দুইটা ছাওয়া নিয়া গরম কাপড়ের জন্যে কতজনের কাছোত হাত পাতনু। কিন্তুক কাওয়ো মোর ছাওয়া দুইটার পাকে দেকিল না। শীতে ছাওয়া দুইটাক ধরি কষ্টে আছুন।’
ওই গ্রামের দিনমজুর আনছার আলী বলেন, ‘বাচ্চাদের গরম কাপড় কিনবার জন্যে চার দিন আগত তারাগঞ্জ বাজারোত গেছনু। কিন্তু দাম বেশি হওয়োয় গরম কাপড় কিনবার পারোং (পারি) নাই।’
হাড়িয়ারকুঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুমারেশ রায় বলেন, ‘শীতবস্ত্রের অভাবে গ্রাম দুটির দুই শতাধিক হতদরিদ্র মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। তাঁরা শীতবস্ত্রের জন্য ইউপি কার্যালয়ে আসছে। বিষয়টি ইউএনওকে জানানো হয়েছে।’
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেফাউল আজম বলেন, জেলা প্রশাসকের কাছে কম্বলের চাহিদা পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে ওই গ্রাম দুটির হতদরিদ্র মানুষকে কম্বল দেওয়া হবে।