শীতে কষ্টে আছে তারাগঞ্জের মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় কাঁপছে রংপুরের তারাগঞ্জ উপজেলার ডাঙ্গাপাড়া ও নদীরপাড় গ্রামের দুই শতাধিক দুস্থ ও হতদরিদ্র মানুষ। গরম কাপড়ের অভাবে শীতে কষ্ট পাচ্ছে তারা।
তারাগঞ্জ উপজেলা সদর থেকে ৮ কিলোমিটার দূরে যমুনেশ্বরী নদীর তীরে অবস্থিত পাশাপাশি এই গ্রাম দুটিতে ৩০০ পরিবারের প্রায় ১ হাজার লোকের বাস। এর মধ্যে ৩০ থেকে ৩৫টি পরিবার ছাড়া সবাই ভূমিহীন। শীতে এসব গরিব মানুষ সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে।
গতকাল বুধবার সকালে ডাঙ্গাপাড়া গ্রামে গিয়ে দেখা যায় আমেনা বেগম (৭০) বাড়ির উঠানে খড়কুটায় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। তিনি বলেন, ‘শীতোত কাবু হয়া গেছি। রাইতোত নদীর ঠান্ডা বাতাস হু হু করি বেড়ার ফাঁক দিয়া ঘরোত ঢোকে, তখন ছেঁড়া ক্যাতা গাওত দিয়া কোঁকড়া নাগি থাকি। তাও কায়ো হামাক কম্বল দেয়ছে না।’
একই গ্রামের আম্বিয়া খাতুন (৬৫) বলেন, ‘ভাইজান আইজ খুব ঠান্ডা। মোর জাম্পার, কম্বোলও নাই। মুই খুব কষ্টে আছুন। তোমরা মোক একখান কম্বলের ব্যবস্থা করি দেও।’
নদীরপাড় গ্রামের দিনমজুর রঞ্জিত রায় (৪৫) বলেন, ‘১০ দিন আগত তারাগঞ্জের বাজারোত বাচ্চাকাচ্চার জন্যে গরম কাপড় কিনবার গেছনু। কিন্তু দাম চায় মেলা। সেই জন্যে মুই গরম কাপড় কিনবার পাও নাই।’
হাড়িয়ারকুঠি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য হরিদাস ও ইকরচালী ইউপি সদস্য রবিউল ইসলাম বলেন, শীতবস্ত্রের অভাবে গ্রাম দুটির দুই শতাধিক হতদরিদ্র মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। এসব মানুষ শীতবস্ত্রের জন্য তাঁদের বাড়ি ও ইউনিয়ন পরিষদে ধরনা দিচ্ছে বলে জানান দুই ইউপি সদস্য।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের অফিস সহকারী আবদুল খালেক গতকাল বুধবার মুঠোফোনে বলেন, বরাদ্দ পাওয়া ১ হাজার ৯৬০টি কম্বল বিতরণ করা হয়েছে। আরও কম্বল চেয়ে জেলা প্রশাসকের কাছে চাহিদা পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে ওই গ্রাম দুটির হতদরিদ্র লোকজনকে কম্বল দেওয়া হবে।