শীতে কাঁপছে উত্তরাঞ্চল গরম কাপড় অপ্রতুল
দেশের উত্তরাঞ্চলে কদিন ধরে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বইছে। শীতবস্ত্রের অভাবে ছিন্নমূল ও স্বল্প আয়ের মানুষ কাজের জন্য ঘরের বাইরে বেরুতে পারছে না। অনেকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। সরকারি ও বেসরকারি পর্যায়ে যে পরিমাণ শীতের কাপড় পাওয়া গেছে, তা অপ্রতুল বলে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা জানিয়েছেন।পঞ্চগড়ে তাপমাত্রা ৬.২: পঞ্চগড়ে শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। উত্তরের হিমেল হাওয়া শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে। গতকাল রোববার আকাশ ছিল মেঘলা ও ঘন কুয়াশায় ঢাকা। যানবাহনগুলো দিনের বেলা হেডলাইট জ্বালিয়ে চলাচল করেছে। গতকাল পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। দিনমজুর, শ্রমিক, রিকশাচালকেরা শীতবস্ত্রের অভাবে কাজে যেতে পারছেন না। শিশুরা অধিক হারে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে।পঞ্চগড় সদর হাসপাতালের আবাসিক চিকিত্সক মো. বাহারাম আলী জানান, গত কয়েক দিনে বেশ কিছু শিশু ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে তাঁর কাছে চিকিত্সা ও পরামর্শ নিয়েছে। তিনি শিশুদের বাসি ও ঠান্ডা খাবার না খাওয়ার পরামর্শ দিয়েছেন। জেলা প্রশাসক বনমালী ভৌমিক বলেন, জেলায় পাঁচ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। আরও ১০ হাজার কম্বল ও ১০ লাখ টাকা চেয়ে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ে জরুরি বার্তা পাঠানো হয়েছে।‘রাইতত উঠি আগুন তাপির নাগে’: গত শুক্রবার নীলফামারী জেলা সদরের বিভিন্ন গ্রামে ঘুরে দেখা যায়, মানুষজন খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। গৃহপালিত পশুকে চট দিয়ে ঢেকে রেখেছে। কথা হয় পূর্ব চৌধুরীপাড়া গ্রামের রুনা বেগমের (৪৫) সঙ্গে। তিনি বলেন, ‘রাইতত উঠি আগুন তাপির নাগে।’ একই গ্রামের মজির উদ্দিন (৬০) বলেন, ‘এই গ্রামত একটা ধনী মাইনসের বাড়ি আছে। বাকি সবায় গরিব। মাইনসের কাম-কাজ করি খাই, ঠান্ডাত কামও করা যায় না। ভাত খাবার টাকা নাই, লেপ-কম্বল কিনমো কি দিয়া?’ সদর উপজেলার ইটাখোলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হেদায়েত আলী শাহ ফকির বলেন, ‘আমার ইউনিয়নে প্রায় ৩৬ হাজার মানুষ। এর মধ্যে অতি দরিদ্রের সংখ্যা প্রায় আট হাজার। সরকারিভাবে এ বছর আমি ৫২টি কম্বল পেয়েছি। আরও এক হাজার কম্বল চেয়েছি, এখনো পাইনি।’সৈয়দপুরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ: নীলফামারীর সৈয়দপুর উপজেলায় এক সপ্তাহ ধরে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। গতকাল সৈয়দপুরের তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস। শীতের তীব্রতা আরও বাড়বে বলে স্থানীয় আবহাওয়া কার্যালয় জানিয়েছে। উপজেলার কামাপুকুর ইউপির চেয়ারম্যান শফিকুল ইসলাম জানান, ‘আমাদের এ অঞ্চলের মানুষ এমনিতেই অভাবী। শীত তাদের সেই অভাবকে আরও বাড়িয়ে তুলেছে। তিনি বলেন, সরকার যে সাহায্য পাঠায়, তা অপ্রতুল।পীরগাছায় জনজীবন বিপর্যস্ত: গতকাল সকাল সাড়ে ১০টার দিকে রংপুরের পীরগাছা উপজেলার চর ছাওলা ও চর তাম্বুলপুর গ্রামে গিয়ে দেখা যায়, দরিদ্র মানুষেরা খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের ব্যর্থ চেষ্টা চালাচ্ছে। চর ছাওলা গ্রামে তিস্তা নদীর ধারে ভাঙা বেড়ার ঘরে থাকেন জয়ফুল বেওয়া (৭০)। ময়লা, ছেঁড়া একটি শাড়ি গায়ে বৃদ্ধা জয়ফুল শীতে থরথর করে কাঁপছিলেন। লোক দেখামাত্র তিনি ঘরের বাইরে বেরিয়ে এলেন। বললেন, ‘নদীর হ্যাল (ঠান্ডা) বাতাস ভাঙা বেড়ার ফাঁক দিয়ে হু হু করি ঘরোত ঢুকে। এই হ্যালত বুঝি মুই আর বাঁচপ্যার নম।’রংপুরের আবহাওয়া কার্যালয় সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে শৈত্যপ্রবাহসহ রংপুর অঞ্চলে প্রচণ্ড শীত পড়ছে। বিকেল হলেই ঘন কুয়াশা আর শীতে আচ্ছন্ন হয়ে পড়ে চারদিক। গত ২৪ ঘণ্টায় রংপুর অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস। [প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন শহীদুল ইসলাম, পঞ্চগড়; মীর মাহমুদুল হাসান, নীলফামারী; এম আর আলম, সৈয়দপুর (নীলফামারী) ও মকবুল হোসেন, পীরগাছা (রংপুর)]